রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় এবার ‘ডলার’ নামে অজ্ঞাত এক ব্যক্তির নাম উঠে এসেছে অভিযুক্ত সোহেল রানার মুখে। তার দাবি, সে শিশুটিকে ধর্ষণ করলেও হত্যা করেছে ডলার নামে ওই ব্যক্তি।
সোমবার (১ জুন) সকালে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের এজলাসে নেওয়ার সময় সাংবাদিকদের এ কথা বলেন আসামি সোহেল। তিনি বলেন, ‘আমি একা দোষী না। আমি ধর্ষণ করছি, মারছে ডলার।’এ সময় সোহেল তার স্ত্রী স্বপ্না খাতুনকে সম্পূর্ণ ‘নির্দোষ’ বলেও দাবি করেন।
আলোচিত এই মামলায় ‘ডলার’ নামটি প্রথম সামনে এলো। তবে কে এই ডলার, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এর আগে রোববার সকালে সোহেল রানা (৩১) ও তার স্ত্রী স্বপ্ন খাতুনকে (২৬) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় আনা হয়। পরে ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন পল্লবী এলাকায় রামিসাকে ধর্ষণ ও হত্যার মামলায় এই দম্পতির বিরুদ্ধে আনুষ্ঠানিক চার্জগঠন করেন।
আগামীকাল মঙ্গলবার মামলার আনুষ্ঠানিক বিচার শুরুর প্রথম দিন ভুক্তভোগী শিশুর বাবা আবদুল হান্নান মোল্লা আদালতে সাক্ষ্য দেবেন।
