গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৪৩ শিশু।
শনিবার (২৯ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হাম বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৮৬৪ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ৯৯টি শিশুর। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৯৬৩ শিশুর প্রাণহানি হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৫৫ হাজার ৬৭৮, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৮ হাজার ৮৫৩।
এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৩৬ হাজার ২৫৭ রোগী, যাদের মধ্যে ১ লাখ ৩১ হাজার ২৬৪ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।
