বন্দরে আলীনূরের ওপর হামলার অভিযোগের নিউজ করায় সাংবাদিককে পা কেটে ফেলার হুমকি

নারায়ণগঞ্জের বন্দরে মাদকের বিরুদ্ধে কথা বলা ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে বাধা দেওয়াকে কেন্দ্র করে আলীনূর হোসেন (৪৮)-এর ওপর হামলার অভিযোগের সংবাদ প্রকাশের পর সাংবাদিককে ফোনে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে মুছাপুর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মো. পাখি মিয়ার বিরুদ্ধে।
এর আগে আলীনূর হোসেন বন্দর থানায় লিখিত অভিযোগে মো. মনির হোসেন (৫৫), মো. আল আমিন (৩২), মো. শহিদ (২৮), মো. রিপন (৪০) ও মো. টিপু (৩৫)সহ অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে বিবাদী করেন।
অভিযোগে আলীনূর দাবি করেন, গত ২৭ আগস্ট দুপুর ১টা ৫ মিনিটের দিকে পিচকামতাল এলাকার বালুর মাঠ সংলগ্ন সড়কে তার পথরোধ করে মারধর করা হয়। এতে তিনি মাথা ও নাকে আঘাত পান বলে অভিযোগ করেন। পরে তার ভাগিনা মো. রেজোয়ান আহমেদ (২৪) তাকে উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
এ ঘটনায় করা সংবাদটি নিয়ে সাংবাদিক জিহাদ হোসেনকে ফোন করে পাখি মিয়া হুমকি দিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। সাংবাদিকের দাবি, ফোনে তাকে বলা হয়— “তুই লাঙ্গলবনে আসিস, পা দুটি কেটে ফেলব।”
এ ধরনের হুমকির ঘটনায় সাংবাদিক জিহাদ হোসেন নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বিষয়টি সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।

 

এনএএন টিভি

Share this news as a Photo Card