রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময়ে বিভিন্ন অভিযোগে ৫৫টি মামলা দায়ের করা হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিএমপি ।
ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগে ৫২ জন, লালবাগে ৪৩, ওয়ারীতে ৫৭, মতিঝিলে ৬৩, তেজগাঁওয়ে ৭৯, মিরপুরে ১৪৬, গুলশানে ৪১, উত্তরা বিভাগে ৪৫ এবং গোয়েন্দা বিভাগে একজন রয়েছেন।
এ ছাড়া ৫৪ কেজি ২৪৫ গ্রাম গাঁজা, ৪ হাজার ১১৫ পিস ইয়াবা, ২১ গ্রাম হেরোইন ও ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। অভিযানে একটি প্রাইভেটকার, তিনটি চাকু, একটি চাপাতি, একটি ছোট কাঁচি, একটি কাটার, ১৪টি মোবাইল ফোন ও একটি নাইলনের রশিও উদ্ধার করা হয়েছে।
ডিএমপি জানায়, অভিযানে দুটি ইয়াবা তৈরির মেশিন, ২ হাজার ৬০০ গ্রাম বিভিন্ন ধরনের রাসায়নিক, ৪৫৪ গ্রাম বেনেলিয়া পাউডার, ১৩ বোতল রং, ৩৫০টি খালি বোতল এবং ইয়াবা তৈরির মিশ্রিত উপাদান ১ হাজার ৫০০ গ্রাম উদ্ধার করা হয়েছে। এ সময় দুইজন ভিকটিমকেও উদ্ধার করা হয়।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ ছাড়া গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানায় ডিএমপি।
