মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের শ্রীনগরে অস্বাস্থ্যকর পরিবেশ ও নিম্নমানের খাদ্য সংযোজন দ্রব্য ব্যবহার করে আইসক্রিম তৈরির অপরাধে ‘সততা আইসক্রিম ফ্যাক্টরি’কে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)। একই সাথে বিপুল পরিমাণ ক্ষতিকর রাসায়নিক রং ও জেলি জনসম্মুখে বিনষ্ট করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর ১২টা ৩০ মিনিটে উপজেলা প্রশাসন এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, মুন্সীগঞ্জের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরোজা হক তানিয়া। এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা নিরাপদ খাদ্য অফিসার মোঃ নূর-ই-আলম সোহাগ, শ্রীনগর উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক নাসরিন সুলতানা মিলি এবং স্থানীয় পুলিশের একটি চৌকস দল।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সূত্র জানায়, উপজেলার কুকুটিয়া ইউনিয়নে অবস্থিত ‘সততা আইসক্রিম ফ্যাক্টরি’তে অভিযান চালিয়ে ফ্লোরে খাবার সংরক্ষণ, খাবারে অননুমোদিত ক্ষতিকর কেমিক্যাল রং ব্যবহার এবং বাধ্যতামূলক সরকারি নিবন্ধন ছাড়াই খাদ্যপণ্য উৎপাদনের প্রমাণ পাওয়া যায়। প্রতিষ্ঠান কর্তৃপক্ষ তাদের অপরাধ স্বীকার করায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী তাৎক্ষণিকভাবে ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।

অভিযান শেষে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরোজা হক তানিয়া জানান, ক্ষতিকর উপাদান দিয়ে তৈরি খাবার জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়েছে এবং ভবিষ্যতে সন্তোষজনক পরিবর্তন না এলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
