টঙ্গীর সেই শিক্ষার্থীকে হেনস্তার ঘটনা আবেগ নয় আইনি প্রক্রিয়ায় সমাধান হওয়া উচিত

গাজীপুরের টঙ্গীর মাদরাসা শিক্ষার্থীকে হেনস্তার ঘটনা আবেগ দিয়ে নয়, আইনি প্রক্রিয়ায় সমাধান হওয়া উচিত বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।

রোববার (২৫ অক্টোবর) নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, আইন নিজের হাতে তুলে নেওয়া কারও জন্য কাম্য নয়। পাশাপাশি শিক্ষকরা এমন কোনো কর্মকাণ্ড করবেন না, যাতে শিক্ষকদের প্রকৃত মর্যাদা ক্ষুণ্ন হয়।

অন্যদিকে, গাজীপুরের টঙ্গীতে মাদরাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের মামলায় গ্রেফতার শিক্ষক মোসলেম আহম্মদের জামিন নামঞ্জুর করেছেন আদালত। আজ দুপুরে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওমর হায়দারের আদালতে জামিন শুনানি হয়। শুনানি শেষে আদালত তা নামঞ্জুর করেন।

এর আগে, বৃহস্পতিবার অভিযুক্ত শিক্ষক মোসলেম আহম্মদকে গ্রেফতার করে পুলিশ। একই দিন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শিশুটির জবানবন্দি রেকর্ড করা হয়। যৌন নিপীড়নের প্রাথমিক সত্যতা মিলেছে বলেও জানিয়েছে পুলিশ।

প্রসঙ্গত, গত ১৯ অক্টোবর টঙ্গীর আউচপাড়ায় ক্বরিউল কুরআন ইন্টারন্যাশনাল মাদরাসায় প্রথম শ্রেণির এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ করে পরিবার। পরে অভিযুক্ত শিক্ষককে মারধর করা হয়। নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে পরিবারটি। অন্যদিকে, শিক্ষককে মারধর, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ এনে পাল্টা মামলা করে মাদরাসা কর্তৃপক্ষ।

Share this news as a Photo Card