সোনারগাঁয়ে ১ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আয়াছ (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ।

শুক্রবার (৩০ অক্টোবর) রাত ৩টা ৪০ মিনিটের দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা টোল প্লাজার সামনে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের আষাড়িয়ারচর পুলিশ চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএমের তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়। সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মোহাম্মদ সফি উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল চেকপোস্টে তল্লাশি চালায়।

এ সময় আয়াছের দেহ তল্লাশি করে তার পরিহিত পায়জামার ডান পকেটে কালো কসটেপ দিয়ে মোড়ানো একটি সাদা জিপারে রাখা ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আয়াছ কক্সবাজার জেলার টেকনাফ থানার নোয়াখালী পাড়া এলাকার বাসিন্দা। তার পিতার নাম মৃত ফরিদ উল্যা এবং মাতার নাম নুরছেমন।

পুলিশ জানায়, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

মাদকমুক্ত সমাজ গঠনে নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

 

এনএএন টিভি

Share this news as a Photo Card