লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে গিয়ে ৩ জনের প্রাণহানি

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বেপরোয়া গতিতে চালানো যাত্রীবাহী একটি বাস উল্টে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।

আজ সোমবার (৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চরচামিতা এলাকায় লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুইজন পুরুষ ও একজন নারী রয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদেল আকবর দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাফিস এন্টারপ্রাইজের আনন্দ পরিবহনের একটি যাত্রীবাহী বাস চরচামিতা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। বাসটি বেপরোয়া গতিতে চলছিল বলে জানা গেছে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং অন্তত ১৫ জন আহত হন। দুর্ঘটনাকবলিত বাসটি সড়ক থেকে সরিয়ে নেয়া হয়েছে। আহতদের পাশাপাশি নিহতদের মরদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়।

সদর হাসপাতালে গিয়ে দেখা যায়, মাথা, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত নিয়ে আব্দুর রহমান নামের এক বৃদ্ধ ও তাঁর স্ত্রী সাজেদা বেগম চিকিৎসা নিচ্ছেন। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত আব্দুর রহমান জানান, তাঁরা বেগমগঞ্জ থেকে লক্ষ্মীপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় চালক বেপরোয়া গতিতে বাস চালাচ্ছিলেন। যাত্রীরা তাঁকে বারবার নিষেধ করলেও তিনি গতি কমাননি। একপর্যায়ে চরচামিতা এলাকায় এসে বাসটি উল্টে যায়।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জহুরুল ইসলাম রনি বলেন, তিনজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের নোয়াখালী ও ঢাকায় পাঠানো হয়েছে। অন্যদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

 

এনএএন টিভি

Share this news as a Photo Card