দীর্ঘ চার বছর পর টেস্ট দলে ফিরলেন নাঈম

চার বছর পর বাংলাদেশ টেস্ট দলে ফিরেছেন ওপেনার মোহাম্মদ নাঈম শেখ। অন্যদিকে, প্রথমবারের মতো জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পেয়েছেন তরুণ ওপেনার মাহফিজুল ইসলাম রবিন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আজ সোমবার (৯ নভেম্বর) ঘোষিত এই দলে জায়গা পেয়েছেন চলতি জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) দুর্দান্ত পারফরম্যান্স করা দুই ওপেনার। ২০২২ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট খেলার পর আবারও সাদা পোশাকে ফেরার অপেক্ষায় রয়েছেন নাঈম।

চলতি এনসিএলে ব্যাট হাতে দুর্দান্ত সময় কাটাচ্ছেন মাহফিজুল ও নাঈম। ১০ ইনিংসে তিনটি সেঞ্চুরির সাহায্যে ৭৪.৬৭ গড়ে ৬৭২ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক মাহফিজুল। অন্যদিকে, সাত ইনিংসে তিনটি সেঞ্চুরিসহ ৬১২ রান করে দ্বিতীয় স্থানে রয়েছেন নাঈম।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে গোড়ালির চোটে পড়েছেন ওপেনার সাদমান ইসলাম। তাঁর চোটের কারণে দক্ষিণ আফ্রিকা সফরে ওপেনিং বিভাগে বিকল্প খেলোয়াড়ের প্রয়োজন দেখা দেয়। সেই বিবেচনায় দলে জায়গা পেয়েছেন নাঈম ও মাহফিজুল।

এদিকে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দলে থাকা অমিত হাসান এবার জায়গা পাননি। প্রধান নির্বাচক হাবিবুল বাশার জানিয়েছেন, লিটন দাস ও জাকের আলী অনিকের মতো দুজন উইকেটকিপার-ব্যাটার থাকায় অতিরিক্ত কাউকে নেওয়ার প্রয়োজন মনে করেননি তাঁরা। বরং দলের টপ অর্ডার শক্তিশালী করতেই গুরুত্ব দিয়েছেন নির্বাচকেরা।

দক্ষিণ আফ্রিকা সফরের জন্য পাঁচ পেসারকে রেখেছে বাংলাদেশ। তাঁরা হলেন- তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, এবাদত হোসেন ও সৈয়দ খালেদ আহমেদ। স্পিন বিভাগে রয়েছেন মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টে খেলা অফ স্পিনার নাঈম হাসান এবার দল থেকে বাদ পড়েছেন।

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম টেস্ট আগামী ১৫ নভেম্বর জোহানেসবার্গে শুরু হবে । দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৩ নভেম্বর সেঞ্চুরিয়ানে।

বাংলাদেশের টেস্ট দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মোহাম্মদ নাঈম শেখ, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, এবাদত হোসেন চৌধুরী, সৈয়দ খালেদ আহমেদ ও মাহফিজুল ইসলাম রবিন।

 

এনএএন টিভি

Share this news as a Photo Card