রামুতে ট্রেনের ধাক্কায় সিএনজিতে থাকা একই পরিবারের শিশুসহ ৪ জন নিহত

কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা একই পরিবারের ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে উপজেলার দক্ষিণ মিঠাছড়ির রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, দক্ষিণ মিঠাছড়ির চেইন্দা কাইম্যারঘোনা এলাকার সাজ্জাদ হোসেন রুবেল, তার বোন কাশিফা জান্নাত, তার তিন বছর বয়সী শিশু সাহিল এবং পাঁচ মাস বয়সী মাশরুফা।

নিহতদের স্বজনরা জানান, তারা রামুর উমখালীতে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। পথে দক্ষিণ মিঠাছড়ির রেলক্রসিং এলাকায় পৌঁছালে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। আহতদের হাসপাতালে নেওয়ার পথে আরও দুজন মারা যান।

Share this news as a Photo Card