ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে নতুন রাজনৈতিক কৌশল নিয়ে এগোচ্ছেন বিরোধী নেতা গাদি আইজেনকোট। পার্লামেন্টে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত না হলেও নিজের নেতৃত্বে সরকার গঠনের প্রস্তাব নেসেটে ভোটাভুটির জন্য তুলতে চান তিনি। এ ক্ষেত্রে প্রয়োজনে সংখ্যালঘু সরকার গঠনের পরিকল্পনাও রয়েছে তাঁর। সেই সরকার টিকিয়ে রাখতে জোটের বাইরে থেকে আরব দল রা’আমের সমর্থন নেওয়ার কথা ভাবছেন আইজেনকোট।
বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, নতুন সরকার গঠনের দায়িত্ব পাওয়া ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকোট সংখ্যাগরিষ্ঠ সমর্থন ছাড়াই তাঁর প্রস্তাবিত মন্ত্রিসভা পার্লামেন্টে অনুমোদনের জন্য উপস্থাপন করতে চান। আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোতে এ-সংক্রান্ত খবর প্রকাশিত হয়েছে।
ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেট জানিয়েছে, প্রস্তাবিত সরকার নিয়ে পার্লামেন্টে ভোটাভুটি না হওয়া পর্যন্ত প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছে সরকার গঠনের দায়িত্ব ফিরিয়ে দিতে চান না আইজেনকোট। এমনকি প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারলেও নেতানিয়াহুবিরোধী দলগুলোকে একত্র করে সরকার গঠনের উদ্যোগ চালিয়ে যাবেন তিনি।
এই পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে আরব দল রা’আম। আইজেনকোটের হিসাব অনুযায়ী, দলটি আনুষ্ঠানিকভাবে সরকার গঠনকারী জোটে যোগ না দিলেও বাইরে থেকে তাঁর সরকারকে সমর্থন দিতে পারে। তবে রা’আম এমন কোনো সমর্থনের বিষয়ে সম্মতি জানিয়েছে কি না, তা ওয়াইনেটের প্রতিবেদনে স্পষ্ট করা হয়নি।
ইসরায়েলের ১২০ সদস্যের পার্লামেন্ট নেসেটে সরকার গঠনের জন্য সাধারণত অন্তত ৬১ সদস্যের সমর্থন প্রয়োজন। এর চেয়ে কম আসন নিয়ে গঠিত সরকারকে সংখ্যালঘু সরকার বলা হয়। এ ধরনের সরকার টিকিয়ে রাখতে জোটের বাইরের রাজনৈতিক দল বা স্বতন্ত্র আইনপ্রণেতাদের সমর্থনের ওপর নির্ভর করতে হয়।
ওয়াইনেটের প্রতিবেদনে আরও বলা হয়েছে, নেতানিয়াহুর লিকুদ পার্টির সঙ্গে ঐকমত্যের সরকার গঠনের আলোচনা সফল না হলে বিকল্প হিসেবে সংখ্যালঘু সরকার গঠনের পথ বেছে নিতে পারেন আইজেনকোট। একইভাবে অতি-রক্ষণশীল ইউনাইটেড তোরাহ জুডাইজম পার্টির সঙ্গেও সমঝোতা না হলে এই পরিকল্পনা কার্যকর করার বিষয়টি বিবেচনায় রয়েছে।
এর আগে গত ৮ নভেম্বর নেতানিয়াহুর তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প হিসেবে নতুন সরকার গঠনের দায়িত্ব পান বিরোধী জোট চেঞ্জ ব্লকের নেতা গাদি আইজেনকোট। ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ তাঁকে এ দায়িত্ব দেন।
সরকার গঠনের দায়িত্ব পাওয়ার পর আইজেনকোট ২৮ দিন সময় পাবেন। প্রয়োজনে প্রেসিডেন্ট এই সময়সীমা আরও ১৪ দিন বাড়াতে পারবেন। তবে নতুন সরকারে কোন কোন রাজনৈতিক দল অংশ নেবে, তা নিয়ে ইসরায়েলের পার্লামেন্টের বিভিন্ন পক্ষের মধ্যে মতপার্থক্য এখনো কাটেনি।
