প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে মেশিন বিতরণ

প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে পঞ্চগড়ের বোদা উপজেলায় ৫০ জন অসচ্ছল ও জীবনসংগ্রামী নারীর হাতে সেলাই মেশিন তুলে দিয়েছে বসুন্ধরা শুভসংঘ। প্রধানমন্ত্রীর জন্মদিনকে ঘিরে ব্যতিক্রমী এ মানবিক উদ্যোগের মাধ্যমে নারীদের স্বাবলম্বী করে তোলা এবং তাদের পরিবারের জন্য স্থায়ী আয়ের সুযোগ সৃষ্টির লক্ষ্য নেওয়া হয়েছে।

আজ শুক্রবার (২০ নভেম্বর) বোদা উপজেলার সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত কথাসাহিত্যিক, বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ও বসুন্ধরা শুভসংঘের প্রধান ইমদাদুল হক মিলন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজীৎ সাহা।

এ সময় আরও উপস্থিত ছিলেন বোদা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, সাংগঠনিক সম্পাদক রায়হানুল আলম প্রধান রিয়েল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময়।

সেলাই মেশিন পাওয়া নারীদের একজন হাসনাহেনা। অভাব-অনটনের সংসারে প্রতিদিনই নতুন করে বেঁচে থাকার সংগ্রাম করেন তিনি। সাত সদস্যের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তার স্বামী। একটি ওষুধ কোম্পানিতে সেলস রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করেন তিনি। সামান্য বেতনে সাতজনের সংসার চালাতে গিয়ে প্রতিনিয়ত হিমশিম খেতে হয় তাদের।

সংসারের খরচ, পরিবারের সদস্যদের প্রয়োজন আর নিত্যপণ্যের ঊর্ধ্বগতির সঙ্গে তাল মেলাতে গিয়ে অনেক স্বপ্নই অপূর্ণ থেকে যায়। তবে অভাবের কাছে হার মানতে চান না হাসনাহেনা। তার ইচ্ছা, নিজেও কিছু আয় করে স্বামীর পাশে দাঁড়াবেন। পরিবারের আর্থিক সংকট দূর করে একটু সচ্ছল জীবন গড়ে তুলবেন। সেই স্বপ্ন পূরণের পথে এবার নতুন আশার আলো দেখিয়েছে বসুন্ধরা শুভসংঘ।

হাসনাহেনার মতো আরও ৪৯ জন সংগ্রামী নারী পেয়েছেন সেলাই মেশিন। যাদের অনেকেই দীর্ঘদিন ধরে সংসারের অভাব দূর করতে নিজেরা কিছু করার স্বপ্ন দেখছিলেন। কিন্তু আর্থিক সংকটের কারণে প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করতে পারছিলেন না। বসুন্ধরা শুভসংঘের এ উদ্যোগ তাদের সেই স্বপ্ন বাস্তবায়নের সুযোগ তৈরি করেছে।

প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, ‘‘আজকের এই আয়োজন বিশেষ তাৎপর্যপূর্ণ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে অসহায় নারীদের স্বাবলম্বী করার এমন মানবিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। আমরা এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখি, যেখানে প্রতিটি মানুষ আত্মনির্ভরশীল হবে, নারীরা অর্থনৈতিকভাবে এগিয়ে যাবে এবং সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী নিজেদের ভাগ্য পরিবর্তনের সুযোগ পাবে। বসুন্ধরা শুভসংঘের এই উদ্যোগ সেই স্বপ্ন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকুক, সেটিই আমাদের প্রত্যাশা। এই মহতী আয়োজনের জন্য ইমদাদুল হক মিলনসহ বসুন্ধরা শুভসংঘের সকল কর্মকর্তা, স্বেচ্ছাসেবক ও আয়োজককে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’’

বসুন্ধরা শুভসংঘ প্রধান ইমদাদুল হক মিলন বলেন, ‘‘একজন নারী স্বাবলম্বী হলে শুধু একটি মানুষের জীবন বদলায় না, বদলে যায় একটি পরিবারের ভবিষ্যৎ। আজ আমরা যে ৫০ জন নারীর হাতে সেলাই মেশিন তুলে দিচ্ছি, এগুলো শুধু সেলাই মেশিন নয়, এগুলো তাদের স্বপ্ন পূরণের হাতিয়ার। আমরা চাই, তারা নিজেদের শ্রম ও দক্ষতায় সংসারের অভাব দূর করুন, সন্তানদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলুন।’’

তিনি আরও বলেন, ‘‘প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে আমরা এমন একটি উদ্যোগ নিয়েছি, যার সুফল এই পরিবারগুলো দীর্ঘদিন পাবে বলে আশা করি। জন্মদিন উদ্‌যাপনের একটি অর্থবহ উপায় হলো মানুষের কল্যাণে কাজ করা। বসুন্ধরা শুভসংঘ সব সময় মানুষের পাশে থাকার চেষ্টা করে। আমাদের লক্ষ্য শুধু সহায়তা দেওয়া নয়, মানুষকে এমনভাবে স্বাবলম্বী করে তোলা, যেন তারা নিজেরাই নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারেন।’’

 

এনএএন টিভি

 

Share this news as a Photo Card