আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে যশোরের মণিরামপুর উপজেলার কাশিমনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী তরুণ নেতা মোহিন হোসেন এলাকায় গণসংযোগ, মতবিনিময় এবং সাধারণ মানুষের দোয়া ও ভোট প্রার্থনা করছেন।
তিনি মণিরামপুর উপজেলা বিএনপির কার্যনির্বাহী সদস্য, যশোর জেলা ছাত্রদলের সাবেক কার্যনির্বাহী সদস্য এবং একজন পরিচিত সমাজসেবক হিসেবে স্থানীয়ভাবে সক্রিয়। এলাকার বিভিন্ন ওয়ার্ড ও পাড়া-মহল্লায় গিয়ে তিনি স্থানীয় বাসিন্দা, তরুণ সমাজ, প্রবীণ নাগরিক ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করছেন। গণসংযোগকালে তিনি ইউনিয়নের বর্তমান অবস্থা, সাধারণ মানুষের প্রত্যাশা এবং স্থানীয় উন্নয়ন ভাবনা তুলে ধরছেন।
বক্তব্যে মোহিন হোসেন বলেন, কাশিমনগর ইউনিয়নের মানুষের সুখ-দুঃখ ও অধিকারের কথা ভেবে আমি সবসময় পাশে থাকার চেষ্টা করেছি। দল আমাকে মনোনয়ন দিলে এবং এলাকার মানুষ আমাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করলে কাশিমনগরকে একটি আধুনিক, মাদকমুক্ত ও বৈষম্যহীন মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব। এজন্য আমি দলীয় নেতাকর্মীসহ কাশিমনগরবাসীর আন্তরিক দোয়া, সমর্থন ও ভোট প্রার্থনা করছি।
স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর একাংশ জানান, দীর্ঘদিন ধরে সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকায় তরুণ এই নেতার প্রতি এলাকার অনেকের আগ্রহ তৈরি হয়েছে। আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে কাশিমনগর ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতায় নতুন মাত্রা যোগ করেছে তাঁর এই গণসংযোগ।
