সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাচারের সময় কক্সবাজারের টেকনাফ থেকে নারী ও শিশুসহ ৩১৭ জনকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। এ সময় মানবপাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৭ জনকে আটক করা হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) ভোরে টেকনাফের বড় ডেইল ঝিনুক বীচ এলাকা থেকে জিম্মিদের উদ্ধার ও জড়িতদের আটক করা হয়।
কোস্ট গার্ড জানায়, সমুদ্র উপকূল দিয়ে অবৈধভাবে লোকজনকে মালয়েশিয়ায় নেওয়ার জন্য কাঠের ট্রলারে তোলা হয়। প্রথমে সন্দেহভাজন ট্রলারের গতিবিধি নজরদারিতে রাখে কোস্টগার্ড। পরে ট্রলারটিকে থামার সংকেত দিলে সেটি গতি বাড়িয়ে পালানোর চেষ্টা করে।
একপর্যায়ে ধাওয়া দিয়ে ট্রলারটি আটক করেন কোস্টগার্ডের সদস্যরা। এসময় ট্রলারে থাকা ৩১৭ জনকে উদ্ধার করা হয়। জব্দ করা হয় ট্রলারটি।
কোস্টগার্ড আরও জানায়, উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ৪৭ জন রোহিঙ্গা এবং বাকি ২৭০ জন বাংলাদেশি নাগরিক।
