নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের রাজনৈতিক সচিব ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা শোকজ নোটিশের কড়া জবাব দিয়েছেন। গত ২৬ নভেম্বর মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান স্বাক্ষরিত চিঠিতে তাঁকে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়। জবাবে তিনি তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ পুরোপুরি নাকচ করে দিয়েছেন এবং উল্টো দলের ভেতরের একটি সুবিধাবাদী ও অপপ্রচারকারী চক্রের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত ও কঠোর ব্যবস্থা নেওয়ার জোর দাবি তুলেছেন।
নিজের অবস্থান স্পষ্ট করে আবুল কাউসার আশা লিখেন, তিনি বিএনপির একজন পরীক্ষিত ও নিবেদিতপ্রাণ কর্মী। বিগত সময়ে দলের বিভিন্ন দায়িত্ব পালনের পাশাপাশি রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন এবং বর্তমানে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন। ফ্যাসিস্ট আমলে গায়েবি মামলায় কারাবরণসহ অসংখ্য হামলা ও নির্যাতনের শিকার হওয়ার কথা তুলে ধরে তিনি বলেন, আওয়ামী নৈরাজ্যের বিরুদ্ধে এখনো কর্মী-সমর্থকদের নিয়ে রাজপথে সক্রিয় আছেন।
শোকজে উল্লেখিত তিনজনের বিষয়ে তথ্যপ্রমাণসহ প্রকৃত চিত্র তুলে ধরেন আবুল কাউসার আশা:
* আক্তার হোসেন মোল্লা: তিনি মদনপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নির্বাচিত মেম্বার এবং নির্দলীয়ভাবে দায়িত্ব পালন করছেন। কখনো আওয়ামী রাজনীতির সাথে যুক্ত ছিলেন না; জনপ্রতিনিধি হিসেবে এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে স্থানীয় সংসদ সদস্যের সাথে যোগাযোগ রাখা মানেই দলীয় পরিচয় নয় বলে স্পষ্ট করেন তিনি।
* হাবিবুর রহমান: ধামগড় ইউনিয়নের ৫নং ওয়ার্ডের তিন বারের নির্বাচিত এই মেম্বার বিএনপির একজন একনিষ্ঠ কর্মী। অতীতে দলের বিভিন্ন পদে দায়িত্ব পালনের প্রমাণপত্র যুক্ত করার পাশাপাশি তিনি বর্তমানে বন্দর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বলে জানান আশা।
* মো. আইয়ুব মেম্বার: ধামগড় ইউনিয়নের ৭নং ওয়ার্ডের এই মেম্বার পূর্বে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থাকলেও ২৪/০৭/২০২৪ তারিখে ধামগড় ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক গ্রেফতারকৃত মো. সালাউদ্দিনকে বন্দর থানা থেকে নিজ জিম্মায় ছাড়িয়ে আনার ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কৃত হন। এ সংক্রান্ত প্রমাণপত্র ও বন্দর থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান বাদলের স্বাক্ষরিত প্রত্যয়ন পত্রও জবাবের সাথে সংযুক্ত করা হয়েছে।
জবাবে আবুল কাউসার আশা অভিযোগ করেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে স্থানীয় পর্যায়ে বিএনপিতে বিভেদ সৃষ্টি করতে এবং জাতীয় নির্বাচনের মতো দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিশ্চিত করতেই একটি কুচক্রী মহল তাঁর ও তাঁর পরিবারের বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে।
পাশাপাশি ৫ আগস্টের পর একটি মহলের কর্মকাণ্ড নিয়ে কঠোর ক্ষোভ প্রকাশ করে তিনি লিখেন, কিছু রাজনৈতিক ব্যক্তি মামলা-বাণিজ্য ও মোটা অঙ্কের টাকার বিনিময়ে আওয়ামী ফ্যাসিস্টদের দোসর ও মাদক ব্যবসায়ীদের জামিন করিয়ে দিয়ে দলের ভাবমূর্তি নষ্ট করেছেন এবং দল ও সমাজের ক্ষতি করেছেন। এসব অনিয়ম ও অপকর্মের বিরুদ্ধে তাঁর শক্ত অবস্থানের কারণেই তিনি ওই চক্রের চক্ষুশূলে পরিণত হয়েছেন।
দলের শীর্ষ নেতৃত্বের কাছে আবেদন জানিয়ে তিনি বলেন, সুবিধাবাদী ও অপপ্রচারকারী এসব ব্যক্তিকে দল ও সমাজের শত্রু হিসেবে চিহ্নিত করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা হোক।
উল্লেখ্য, এর আগে শোকজ নোটিশে শামীম ওসমান পরিবারের সাথে সম্পৃক্ত বা আওয়ামী লীগের পদধারীদের সাথে ছবি ও সংশ্লিষ্টতার অভিযোগ তুলে ৪৮ ঘণ্টার মধ্যে জবাব চাওয়া হয়েছিল এবং জবাব সন্তোষজনক না হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছিল।
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to print (Opens in new window)
- Click to email a link to a friend (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Pinterest (Opens in new window)
- Click to share on X (Opens in new window)
