লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৩১

লেবাননের বৈরুতে ইসরাইলি বিমান হামলায় নিহত সংখ্যা বেড়ে ৩১ জনে পৌঁছেছে। আহত হয়েছেন অর্ধশতাধিক। ইসরাইলি বিমান হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার ইব্রাহিম আকিলও নিহত হয়েছেন।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) লেবাননে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। এ হামলায় বহু প্রাণহানির পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে বেশকিছু বেসামরিক স্থাপনা। ইসরাইলের চালানো হামলায় বৈরুত ছাড়াও লেবাননের দক্ষিণাঞ্চলের কয়েকটি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। হিজবুল্লাহর প্রকাশ করা ভিডিওতে হামলার পর ঘটনাস্থল থেকে ধোঁয়া উড়তে দেখা যায়।

এদিকে, লেবাননে ইসরাইলি হামলার ঘটনায় বৈঠক করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। সংস্থাটি জানিয়েছে, ইসরাইল এবং ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষ মধ্যপ্রাচ্যে আরো ধ্বংস ডেকে আনবে। বিষয়টি চরম উদ্বেগের। সব পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ কর্মকর্তারা।

এনএএন টিভি