লবণ উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণে আগাম প্রস্তুতি নিয়ে পুরোদমে মাঠে নেমেছে ঈদগাঁও উপজেলার ইসলামপুর ও পোকখালীর লবণের চাষিরা। এবছর মৌসুমের শুরু থেকে প্রাকৃতিক পরিবেশ অনুকূলে থাকায় বাড়ছে লবণ উৎপাদন। দেশের একমাত্র স্বয়ংসম্পূর্ণ কৃষি শিল্পপণ্য লবণ। সেই লবণ উৎপাদনে ঘামঝরা পরিশ্রম করলেও লবণের দাম কমে যাওয়ায় চাষীদের মাঝে হতাশা বিরাজ করছে। আর্থিক লোকসানের প্রহর গুনছেন লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ বহু চাষী।
ইসলামপুরের লবণ চাষি শামসুদ্দীন জানান, মৌসুমে ছয় কানি জমিতে নিরলস পরিশ্রম করে লবণ উৎপাদন করেছেন। ফলনও লক্ষ্যমাত্রায় পাচ্ছেন কিন্তু এই মৌসুমের শুরুর দিকে লবণের দাম মুটোমুটি ভালো থাকলেও এখন লবণের দাম কম থাকায় তিনি হতাশ। সামনের দিকে এই দাম বৃদ্ধি না হলে লোকসান গুনতে হবে বলে মনে করেন এ লবণ চাষি।
পোকখালীর সাদ্দাম হোসেন বলেন, মৌসুমের শুরুতে লবণের দাম প্রতি মণ ৩২০ টাকা থেকে ৩৫০ টাকা থাকলেও সেই দাম নেমে এসেছে ২২০ টাকায় যা লবণ চাষিদের লবণ উৎপাদনে নিরুৎসাহিত করছে। এরূপ পরিস্থিতি চলতে থাকলে বহুচাষি জমির পরিমাণ কমিয়ে দিতে বাধ্য হবেন সেসাথে লবণ সংকটে পড়বে দেশ।
আরও পড়ুন : জামিলায়ে মহিলা দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও নতুন ছবক দান অনুষ্ঠান
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) ইসলামপুরের কার্যালয় তথ্য অনুযায়ী ডিসেম্বরের শুরুর দিকে ঈদগাঁও উপজেলার ইসলামপুর ও পোকখালীতে লবণ উৎপাদন শুরু হয়। প্রাকৃতিক পরিবেশ অনুকূলে থাকায় চলতি মৌসুম শেষে উৎপাদন লক্ষ্যমাত্রাও ছাড়িয়ে যাবে। এবং লবণের দামও ন্যায্য মূল্য হবে বলে মনে করছেন এ অফিসের কর্মকর্তারা।

One Reply to “ঈদগাঁওতে লবণের বাম্পার ফলন : দামে হতাশ চাষীরা”
Comments are closed.