প্রতিবেশীর রসগোল্লা মুখে দিতেই ভয়াবহ বিস্ফোরণে প্রাণ গেল যুবকের

ভারতের মধ্যপ্রদেশে প্রতিবেশীর দেওয়া রসগোল্লা মুখে দিতেই ভয়াবহ বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন ৩৫ বছর বয়সী এক যুবক। রসগোল্লার ভেতরে লুকিয়ে রাখা হয়েছিল বুনো শূকর শিকারের জন্য ব্যবহৃত দেশি বোমা। বিস্ফোরণে যুবকের মুখ ও চোয়াল ছিন্নভিন্ন হয়ে যায়। এ ঘটনায় অভিযুক্ত প্রতিবেশীকে গ্রেফতার করেছে পুলিশ।

ভারতের মধ্যপ্রদেশের ডিন্ডৌরি জেলায় ঘটেছে চাঞ্চল্যকর এ ঘটনা। গত মঙ্গলবার রাত ৮টার দিকে জেলার কোতোয়ালি থানার অন্তর্গত পড়রিয়া ছাঁটা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম রাজেন্দ্র বরৌতিয়া।

পুলিশের তথ্য অনুযায়ী, রাতের খাবার খেয়ে পরিবারের সদস্যদের সঙ্গে বাড়ির উঠানে আগুন পোহাচ্ছিলেন রাজেন্দ্র। এমন সময় প্রতিবেশী রামভগৎ বরৌতিয়া সেখানে এসে তাঁর পাশে বসেন। শুরু হয় কথাবার্তা। একপর্যায়ে রাজেন্দ্রের হাতে একটি রসগোল্লা তুলে দেন তিনি। কিন্তু সেই মিষ্টির ভেতরেই যে ভয়ংকর বিস্ফোরক লুকানো ছিল, তা বুঝতে পারেননি রাজেন্দ্র।

রসগোল্লাটিতে কামড় দেওয়ার সঙ্গে সঙ্গেই বিকট শব্দে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে রাজেন্দ্রের মুখ ও চোয়াল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। মুহূর্তেই রক্তাক্ত হয়ে পড়েন তিনি। পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে অটোরিকশায় করে ডিন্ডৌরি জেলা হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসাধীন অবস্থায় কয়েক ঘণ্টা পর তার মৃত্যু হয়।

ডিন্ডৌরি কোতোয়ালি থানার পরিদর্শক দুর্গাপ্রসাদ নাগপুরে জানান, রাজেন্দ্রের হাতে দেওয়া রসগোল্লার ভেতরে বুনো শূকর শিকারের জন্য ব্যবহৃত দেশি বোমা রাখা হয়েছিল। মিষ্টিটিতে কামড় দেওয়ার পরই সেটি বিস্ফোরিত হয়।

পুলিশের ধারণা, পরিকল্পিতভাবেই মিষ্টির আড়ালে বিস্ফোরক লুকিয়ে রাখা হয়েছিল। বুনো শূকর শিকারের জন্য এ ধরনের দেশি বিস্ফোরক ব্যবহার করা হয়। চাপ বা স্পর্শের কারণে এগুলো বিস্ফোরিত হতে পারে। এর আঘাতে গুরুতর জখম হওয়া এমনকি প্রাণহানির ঘটনাও ঘটতে পারে।

এ ঘটনায় অভিযুক্ত রামভগৎ বরৌতিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১০৫ ধারা এবং বিস্ফোরক পদার্থ আইনের ৩ ও ৪ ধারায় মামলা করা হয়েছে।

তবে কী কারণে প্রতিবেশী রাজেন্দ্রকে এভাবে হত্যার পরিকল্পনা করেছিলেন, তা এখনো স্পষ্ট নয়। কোথা থেকে ওই বিস্ফোরক সংগ্রহ করা হয়েছিল এবং এর পেছনে অন্য কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

 

 

এনএএন টিভি

Share this news as a Photo Card