নরসিংদীর রায়পুরা উপজেলার শ্রীরামপুর রেলগেটে নিত্যদিনের অসহনীয় যানজটে চরম জনদুর্ভোগের সৃষ্টি হচ্ছে। দীর্ঘদিন ধরে চলে আসা এ সমস্যায় অতিষ্ঠ হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দা, যাত্রী, রোগী, ব্যবসায়ী, শিক্ষার্থী, চাকরিজীবী ও পরিবহন চালকসহ হাজারো মানুষ। গুরুত্বপূর্ণ এ যোগাযোগপথে প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থেকে নষ্ট হচ্ছে মানুষের মূল্যবান সময় ও কর্মঘণ্টা। তাই এ জনদুর্ভোগ থেকে মুক্তি পেতে শ্রীরামপুর রেলগেটের যানজট সমস্যার স্থায়ী সমাধানের জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীরামপুর রেলগেট রায়পুরা উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগপথ। প্রতিদিন এ সড়ক দিয়ে বাস, ট্রাক, সিএনজি, অটোরিকশা, মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের অসংখ্য যানবাহন চলাচল করে। কিন্তু যানবাহনের ক্রমবর্ধমান চাপের তুলনায় সড়কের ধারণক্ষমতা, পর্যাপ্ত ট্রাফিক ব্যবস্থাপনা ও অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে প্রায় প্রতিদিনই সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। বিশেষ করে ট্রেন চলাচলের সময় রেলগেট বন্ধ হলে সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। ট্রেন চলাচল শেষে রেলগেট খুলে দেওয়া হলেও অতিরিক্ত যানবাহনের চাপে দ্রুত স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসে না। ফলে দীর্ঘ সময় ধরে যানবাহন আটকে থাকায় চরম ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, যানজটের কারণে জরুরি রোগী বহনকারী অ্যাম্বুলেন্সও অনেক সময় আটকে পড়ার আশঙ্কা থাকে।
এতে মুমূর্ষু রোগীকে যথাসময়ে হাসপাতালে নেওয়া নিয়ে উদ্বেগ তৈরি হয়। শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছাতে বিলম্ব, চাকরিজীবীদের কর্মস্থলে যেতে বিড়ম্বনা এবং ব্যবসায়ীদের পণ্য পরিবহন ও বাণিজ্যিক কার্যক্রমেও নেতিবাচক প্রভাব পড়ছে। অন্যদিকে যানজটে আটকে থেকে পরিবহন চালকদের কর্মঘণ্টা নষ্ট হওয়ার পাশাপাশি যাত্রীদের সময় ও অর্থের অপচয় হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, রেলগেট এলাকায় অপরিকল্পিতভাবে যানবাহন চলাচল, পর্যাপ্ত ট্রাফিক নিয়ন্ত্রণের অভাব, সড়কের ওপর অবৈধভাবে যানবাহন দাঁড় করিয়ে রাখা এবং শৃঙ্খলাহীন চলাচল পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। দীর্ঘদিন ধরে এ সমস্যা চললেও এখন পর্যন্ত দৃশ্যমান ও স্থায়ী সমাধান না হওয়ায় জনমনে ক্ষোভ ও হতাশা বাড়ছে।
এলাকাবাসী জানান, বিষয়টির গুরুত্ব বিবেচনায় প্রতিরক্ষা মন্ত্রনালয় সর্ম্পকীত স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল এমপিসহ স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সরেজমিনে এলাকা পরিদর্শন করা হয়েছে। এ অবস্থায় রায়পুরার জননন্দিত ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল এমপির নেতৃত্বে উপজেলা ও জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, সড়ক ও জনপথ বিভাগ এবং রেলওয়ে কর্তৃপক্ষের সমন্বয়ে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
ভুক্তভোগীদের দাবি, প্রথম পর্যায়ে শ্রীরামপুর রেলগেটে সার্বক্ষণিক ট্রাফিক নিয়ন্ত্রণ, প্রয়োজনীয় ট্রাফিক পুলিশ ও জনবল নিয়োগ, যানবাহন চলাচলের সুনির্দিষ্ট নিয়ম প্রণয়ন, অবৈধ পার্কিং ও সড়ক দখলমুক্তকরণ এবং রেলগেটের দুই পাশে যানবাহন ব্যবস্থাপনা জোরদার করতে হবে। একই সঙ্গে সড়কের ধারণক্ষমতা ও যানবাহনের চাপ বিবেচনায় প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করতে হবে। পাশাপাশি দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে বিকল্প সড়ক যোগাযোগব্যবস্থা, রেলওয়ে ওভারপাস বা উড়ালপথ নির্মাণের সম্ভাব্যতা যাচাই করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার দাবি উঠেছে। এতে রেলগেট বন্ধ থাকলেও যানবাহন চলাচল স্বাভাবিক রাখার সুযোগ সৃষ্টি হতে পারে।
সংশ্লিষ্টদের মতে, শুধু সাময়িকভাবে যানবাহন নিয়ন্ত্রণ করে এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। প্রয়োজন বাস্তবসম্মত পরিকল্পনা, পর্যাপ্ত জনবল, অবকাঠামোগত উন্নয়ন এবং জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সব দপ্তরের সমন্বিত উদ্যোগ গ্রহন করা। রায়পুরার মানুষের দীর্ঘদিনের এ ভোগান্তি নিরসনে ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল এমপি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, প্রশাসন ও রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন—এমন প্রত্যাশা স্থানীয়দের। শ্রীরামপুর রেলগেটের যানজট এখন আর শুধু একটি সড়কের সমস্যা নয়, এটি রায়পুরার জনজীবন, যোগাযোগ ও অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত একটি গুরুত্বপূর্ণ জনদুর্ভোগ। তাই সময়ক্ষেপণ নয়, প্রয়োজন দ্রুত কার্যকর উদ্যোগ ও স্থায়ী সমাধান।
