কক্সবাজার শহরের হোটেল মোটেল জোনে আগুন

কক্সবাজার শহরের পর্যটন এলাকার কলাতলীতে হোটেল-মোটেল জোনে আগুন লাগার ঘটনা ঘটেছে। ঘটনার পর স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর চারটা নাগাদ কলাতলীর সৈকতপাড়া সড়কে একটি ভাড়া বাসা থেকে আগুনের সূত্রপাত হয়।

এদিকে, আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় আশপাশের হোটেলে অবস্থানরত পর্যটকদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে এবং আশপাশের বাসিন্দারা বেরিয়ে এসে সড়কে অবস্থান নেয়।

ভুক্তভোগীরা জানান, ভোর চারটা নাগাদ আগুন লাগার ঘটনা ঘটে। আগুন লাগার সাথে সাথে হোটেল আল কামাল কলোনী থেকে ভাড়াটিয়াদের নিরাপদে বের করে নেন। আগুনে ২০ টির অধিক ভাড়া বাসা ও খবার হোটেলসহ চারটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, পৌনে পাঁচটার দিকে আগুন লাগার খবর পেয়ে একে একে চারটি ইউনিট প্রয়োজনীয় নির্বাপণ সরঞ্জাম নিয়ে ঘটনাস্থলে পৌঁছেছে। পরে তিন ঘন্টা চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসে।

তিনি বলেন, বিদ্যুতের শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত। আগুনে ১২ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। তবে, হতাহতের ঘটনা ঘটেনি।

Share this news as a Photo Card