বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির সময় খুঁটিতে আটকে গেল চোর, নামাতে এলো ফায়ার সার্ভিস

গাজীপুরের শ্রীপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বৈদ্যুতিক খুঁটিতে আটকা পড়ে এক চোর। পরে চোরকে উদ্ধার করতে ছুটে আসে ফায়ার সার্ভিস। ৩০ মিনিটের চেষ্টায় ফায়ার সার্ভিসের সদস্যরা জীবিত অবস্থায় তাকে উদ্ধার করে নিচে নামিয়ে আনেন।

গতকাল বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে গাজীপুরের শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের ছাতির বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

ধৃত চোর লিটন (৩২) উপজেলার তেলিহাটি ইউনিয়নের গোদারচালা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাতে ছাতির বাজারের পাশের ইটভাটার পেছনে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে বৈদ্যুতিক খুঁটিতে উঠে এক চোর। চুরি করার সময় স্থানীয় একজন চোর দেখে ডাকচিৎকার শুরু করলে আশপাশের লোকজন এসে তাকে ঘিরে ফেলে। এ সময় নিচে থাকা এক চোরকে আটক করেন স্থানীয়রা। বৈদ্যুতিক খুঁটিতে থাকা চোরটি আটকা পড়ে। স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে চোরকে জীবিত অবস্থায় উদ্ধার করে নিচে নামিয়ে আনা হয়। তার শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়েছে।

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খায়রুল আলম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বৈদ্যুতিক খুঁটিতে থাকা চোরকে জীবিত অবস্থায় উদ্ধার করেন। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তরের পাশাপাশি চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, ট্রান্সফরমার চুরির সময় চোরকে হাতনাতে আটক করে স্থানীয়রা পুলিশে খবর দেন। বিদ্যুৎ পরিবাহী তার দ্বারা সে দগ্ধ হয়েছে। তাকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

এনএএন টিভি

Share this news as a Photo Card