নতুন কারিকুলামে পাল্টে যাচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা। নবম-দশমের সিলেবাসে নয়, শুধুমাত্র দশম শ্রেণির সিলেবাসে হবে এসএসসি পরীক্ষা। আর এইচএসসি হবে দুইবার। একবার একাদশে, দ্বিতীয়বার দ্বাদশে। এতে শিক্ষার্থীদের ওপর পরীক্ষার চাপ কমবে বলে মনে করে বোর্ড। তবে শিক্ষা গবেষকদের মতে এইচএসসিতে একটি পরীক্ষাই যথেষ্ট। আর শিক্ষামন্ত্রী বলছেন, মূল্যায়ন পদ্ধতিতে আসতে পারে সংস্কার।
চলতি বছরের জানুয়ারি থেকে নবম শ্রেণিতে নতুন কারিকুলাম অনুযায়ী পাঠদান চলছে। নবম ও দশম শ্রেণি শেষে আছে পাবলিক পরীক্ষা। কারিকুলামের পরিবর্তনের ফলে কেমন হবে এসএসসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষা? এই প্রশ্ন এখন শিক্ষার্থী ও অভিভাবকদের।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের পরীক্ষা নেয়ার সঙ্গে যুক্ত সাধারণ, কারিগরি ও মাদ্রাসাসহ দেশের ১১টি শিক্ষাবোর্ড। বোর্ডগুলোর সমন্বয়ক বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার বলছেন, নতুন কারিকুলামে নবম শ্রেণির শিখনকালীন মূল্যায়ন হলেও এসএসসি পরীক্ষা হবে শুধুমাত্র দশম শ্রেণির সিলেবাসের ভিত্তিতে। ২০২৫ সালের শেষে বা ২০২৬ সালের শুরুতে এই পরীক্ষা হবে।
আর একাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার মধ্যে শিখনকালীন মূল্যায়ন হবে ৩০ শতাংশ, বাকিটা বোর্ড পরীক্ষায়। একইভাবে দ্বাদশ শ্রেণিতেও ৩০ শতাংশ মূল্যায়ন হবে শিখনকালীন, বাকি ৭০ শতাংশ বোর্ড পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন করা হবে বলে জানিয়েছেন তপন কুমার সরকার।
তবে এসএসসি ও এইচএসসির মূল্যায়ন পদ্ধতি সহজতর করতে চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
নতুন কারিকুলাম অনুযায়ী ২০২৬ সালে এসএসসি ও ২০২৮ সালে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
