অন্তঃসত্ত্বা স্ত্রী কে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড

খুলনায় অন্তঃসত্ত্বা স্ত্রী সাবিনা বেগমকে হত্যার দায়ে স্বামী লুৎফর শেখকে বিচারিক আদালতের দেওয়া মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ এ রায় দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান জামান। অন্যদিকে আসামিপক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ মিজানুর রহমান।

মামলার বিবরণে জানা যায়, ২০০৭ সালের ১৭ জানুয়ারি পারিবারিক কলহের জেরে ডুমুরিয়ার গোনালী গ্রামের নিজ বাড়িতে তিন মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী সাবিনা বেগমকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে লুৎফর শেখ। পরদিন সাবিনার মা সখিনা বেগম ডুমুরিয়া থানায় হত্যা মামলা করেন। পরে একই বছরের ২১ এপ্রিল আদালতে চার্জশিট দেয় পুলিশ।

এরপর শুনানি শেষে স্ত্রীকে হত্যার দায়ে লুৎফর শেখকে ২০১৭ সালের ২২ মার্চ মৃত্যুদণ্ডাদেশ দেন খুলনার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এম এ রব হাওলাদার।