নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাইক্রোবাস চালক মো. রনি (৪১) হত্যার ঘটনায় আল-আমিন (৩৫) নামে এক যুবকের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন নিহতের স্ত্রী আফসানা আক্তার। গতকাল রবিবার (১৫ নভেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জ থানায় তিনি বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় আল-আমিনকে প্রধান আসামি করে অজ্ঞাতনামা আরও ৩-৪ জনকে আসামি করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে গ্রেপ্তার আল-আমিনকে আদালতে পাঠিয়েছে পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় দুই মাস আগে আল-আমিনের বাড়ির পাশের রাস্তা দিয়ে যাওয়ার সময় এক যুবককে কাঠের স্টাম্প দিয়ে মারধর করতে দেখেন রনি ও তাঁর স্ত্রী। এ সময় তাঁরা দাঁড়িয়ে বিষয়টি দেখলে আল-আমিন তাঁদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং মারধরের চেষ্টা করেন। পরে তাঁদের প্রাণনাশের হুমকি দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেন। ওই ঘটনার জেরে আল-আমিনের সঙ্গে রনির পূর্ববিরোধ সৃষ্টি হয়।
এজাহারে আরও উল্লেখ করা হয়, গত ১৫ নভেম্বর সকাল সাড়ে ৫টার দিকে রনি বাসা থেকে বের হয়ে চিটাগাং রোডের রেন্ট-এ-কার স্ট্যান্ডে যাচ্ছিলেন। সকাল সাড়ে ৫টার দিকে সিদ্ধিরগঞ্জের ১ নম্বর ওয়ার্ডের মিজমিজি তাঁরা মার্কেট এলাকায় নিমাইয়ের বাড়ির সামনে পাকা সড়কে পৌঁছালে পূর্বশত্রুতার জেরে আল-আমিন ও অজ্ঞাতনামা কয়েকজন তাঁর ওপর হামলা করেন। এ সময় আল-আমিনের হাতে থাকা ধারালো ছুরি দিয়ে রনির মুখ, মাথা, পেট, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে নিহতের স্ত্রী ও স্বজনরা ঘটনাস্থলে গিয়ে রনির রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠায়।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, গ্রেপ্তার আল-আমিন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন। সোমবার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
