যশোরের মণিরামপুরে দ্রুত গতির মোটরসাইকেলের ধাক্কায় সুরত আলী (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার বিকাল ৫ টার দিকে রাজগঞ্জ-ত্রিমোহনী সড়কের শাহাপুর মোড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
নিহত সুরত আলী শাহাপুর গ্রামের মৃত মহাতাব মোড়লের ছেলে। তিনি মশ্মিমনগর ইউনিয়ন পরিষদের ৩নং (রামপুর, শাহপুর এবং হাকিমপুর) ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। শাহাপুর মোড়ের সার ব্যবসায়ী শাহজাহান কবীর বলেন, বিকাল ৫টার দিকে সুরত মেম্বর নিজের মোটরসাইকেল নিয়ে বাড়ির সামনে মোড়ে দাঁড়িয়ে ছিলেন। এসময় ত্রিমোহনীর দিক থেকে দুই তরুণ একটি মোটরসাইকেলে চড়ে আসছিল।
দ্রুত গতিতে আসা মোটরসাইকেলটি সুরত আলীকে পিছন থেকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে মাথায় গুরুত্বর আঘাত পান। পরে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার সময় মৃত্যু হয় সুরত মেম্বরের। শাহজাহান কবির বলেন, এসময় মোটরসাইকেলে থাকা দুই কিশোর পড়ে গিয়ে কিছুটা আঘাত পায়। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ক্ষুব্ধ জনতা অবরুদ্ধ করে রেখেছেন। খবর পেয়ে রাজগঞ্জ তদন্ত কেন্দ্র থেকে পুলিশ ঘটনাস্থলে এসেছে।
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
