আত্মগোপনে থাকা নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও বৈষম্যবিরোধী আন্দোলনে একাধিক হত্যা মামলার আসামি সেলিম ওসমানকে গ্রেফতার করতে অভিযান পরিচালনা করা হয়েছে। ফতুল্লা এলাকার তার মালিকানাধীন পোশাক তৈরির কারখানায় জেলা গোয়েন্দা পুলিশ এই অভিযান পরিচালনা করে।
গতকাল বৃহস্পতিবার বিকালে এই অভিযান পরিচালনা করা হলেও আজ শুক্রবার এই বিষয়টি গণমাধ্যমকর্মীরা জানতে পারেন। তবে অভিযানে সেলিম ওসমানকে পাওয়া যায়নি। তার কারখানাটিও বন্ধ ছিল বলে জানা গেছে।
কারখানা সংশ্লিষ্টরা জানান, বৃহস্পতিবার বিকালে সাদা পোষাকে ৮ থেকে ১০ জন কারখানার প্রধান ফটকে এসে নিজেদের গোয়েন্দা পুলিশ (ডিবি) বলে জানায়। তারা নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের কাছে সেলিম ওসমান সম্পর্কে জানতে চান। তখন তাদেরকে জানানো হয়, ছুটি হয়ে যাওয়ায় ঘণ্টাখানেক আগে কারখানার শ্রমিকেরা চলে গেছেন। ভেতরে কেউ নেই। এরপর তারা কিছুক্ষণ অপেক্ষা করে ফিরে যান।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) হাসিনুজ্জামান বলেন, গত কয়েক দিন ধরেই আলোচনা চলছিল, সেলিম ওসমান ফতুল্লায় তার নিজ ব্যাবসা প্রতিষ্ঠানে মাঝে মাঝে আসেন। বৃহস্পতিবার আমাদের কাছে সংবাদ ছিল, সেলিম ওসমান ফতুল্লায় ব্যাবসা প্রতিষ্ঠানে এসেছেন। সে অনুযায়ী জেলা গোয়েন্দা পুলিশ সেখানে অভিযানে যায়। কিন্তু সেলিম ওসমানকে পাওয়া যায়নি। সেলিম ওসমানের বিরুদ্ধে বেশ কয়েকটি বৈষম্যবিরোধী মামলা রয়েছে। তার অবস্থান নিশ্চিত করা গেলেই তাকে গ্রেফতার করা হবে।
এর আগেও তাকে ২০২৫ সালের ১৬ ডিসেম্বর রাতে সেলিম ওসমানকে গ্রেফতার করতে ফতুল্লা থানা পুলিশ অভিযান চালিয়েছিল।
প্রসঙ্গত, সেলিম ওসমান নারায়ণগঞ্জের প্রভাবশালী ওসমান পরিবারের সদস্য। তিনি তার বড় ভাই নাসিম ওসমানের মৃত্যুর পর ২০১৪ সালে উপনির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে জাতীয় পার্টির মনোনয়নে নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ২০১৮ ও ২০২৪ সালেও একই আসনে সংসদ সদস্য নির্বাচিত হন জাতীয় পার্টির এ প্রেসিডিয়াম সদস্য। সেইসঙ্গে তিনি ছিলেন নিট পোশাক ব্যবসায়ীদের বৃহত্তম সংগঠন বিকেএমইএর সভাপতি।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে ওসমান পরিবারের সদস্য ও তাদের সহযোগীরা আত্মগোপনে চলে যান। শামীম ওসমান ও তার স্ত্রী-কন্যা-সন্তানরা দেশ ছাড়তে সক্ষম হলেও সেলিম ওসমান এখনো দেশে আছেন বলে অনেকে দাবি করছেন।
