কাবিননামা হাতে শ্বশুরবাড়িতে তরুণীর অনশন

নড়াইলের লোহাগড়ায় স্ত্রীর স্বীকৃতি দাবিতে কাবিননামা হাতে নিয়ে শ্বশুরবাড়িতে অনশন করছেন এক তরুণী (২৩)। বুধবার (২১ ডিসেম্বর) বিকাল থেকে তিনি তার শ্বশুরবাড়িতে এসে স্ত্রীর স্বীকৃতির দাবি নিয়ে অনশন শুরু করেন।

উপজেলার মদিনাপাড়ার হাজী মো. আমির হোসেন মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে। ওই তরুণীর স্বামী মো. রায়হান হোসেন (২৩) আমির হোসেন মাস্টারের ছেলে।

ওই তরুণীর অবস্থানের কথা শুনে স্বামী রায়হান বাড়ি থেকে পালিয়ে যান। তবে রায়হানের পরিবারের কেউ এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

জানা যায়, এ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ইতি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিনা খাতুন প্রমুখ।

ওই তরুণী বলেন, দীর্ঘদিন যাবত তার সঙ্গে রায়হানের প্রেমের সম্পর্ক চলে আসছিল। একপর্যায়ে চলতি বছরের ২৩ নভেম্বর আমাদের বিবাহ সম্পন্ন হয়। বিবাহের পর থেকে আমার সঙ্গে কোনো যোগাযোগ রাখেনি স্বামী রায়হান। এমনকি বর্তমান বিবাহের কথা অস্বীকার করছেন রায়হান।

এ বিষয়ে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ইতি বলেন, আগামী সোমবার উভয়পক্ষকে আমার অফিসে ডেকেছি। মেয়েটি সংসার করতে চায়। এ ব্যাপারটি মীমাংসার চেষ্টা করা হচ্ছে।

Share this news as a Photo Card