গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা পোশাক শ্রমিকদের, সাউন্ড গ্রেনেড ছুড়ে সরাল পুলিশ

ন্যূনতম মজুরি নিয়ে অসন্তোষের জেরে গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেছে পোশাক শ্রমিকরা। তাৎক্ষণিক ভাবে সাউন্ড গ্রেনেড ছুঁড়ে তাদের সরিয়ে দেয় পুলিশ।

আজ বৃহস্পতিবার ( ২৬ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় মহাসড়ক অবরোধের এ চেষ্টা করা হয় বলে জানিয়েছেন গাজীপুর শিল্প পুলিশের সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা গেছে, পৌনে ৯টার শ্রমিকরা মিছিল নিয়ে গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় গিয়ে মহাসড়ক অবরোধ করার চেষ্টা করে। তাৎক্ষণিক ভাবে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুঁড়ে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়।

এতে কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচলে ব্যাঘাত ঘটে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এদিকে উদ্ভুত পরিস্থিতির জেরে গাজীপুরের কোনাবাড়ি, পল্লী বিদ্যুৎসহ আশপাশের কয়েকটি এলাকার কারখানায় নতুন করে বৃহস্পতিবার ছুটি ঘোষণা করা হয়েছে।

এছাড়া, সদর উপজেলার বাঘের বাজার, ভবানীপুর, শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টার বাড়ি, বৈরাগীর চালা, কেওয়াসহ বেশ কিছু কারখানায় তিন দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।

এদিকে শ্রমিকদের আন্দোলন ঘিরে যেকোনো সময় পরিস্থিতি অস্বাভাবিক হতে পারে, এমন শঙ্কা থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে।

গাজীপুর শিল্প পুলিশের সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, জেলায় শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রাখতে, উৎপাদন স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।

 

 

এনএএন টিভি

Share this news as a Photo Card