গাজীপুরে মাদ্রাসাশিক্ষার্থী কে গরম আয়রনের ছ্যাঁকা, শিক্ষক গ্রেফতার

গাজীপুরের টঙ্গীতে ৯ বছর বয়সি এক মাদ্রাসাশিক্ষার্থী কে বৈদ্যুতিক আয়রন দিয়ে ছ্যাঁকা দেওয়ার অভিযোগ উঠেছে মিফতাহুল উলুম মাদ্রাসা টঙ্গী শাখার শিক্ষকের বিরুদ্ধে।

পরে স্থানীয়রা মাদ্রাসা শিক্ষক রাব্বি হোসেন মোস্তাকিমকে (২৪) আটক করে পুলিশের সোপর্দ করেছে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার থানায় মামলা দায়ের করেছে ।

গ্রেফতার রাব্বি হোসেন কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার আড়াইবাড়িয়া এলাকায় কবির হোসেনের ছেলে।

শিশুর স্বজনেরা জানান, ওই মাদ্রাসার নাজারা বিভাগে অধ্যয়নরত ছিলেন ভুক্তভোগী শিক্ষার্থী। গত বুধবার (৪ নভেম্বর) রাতে তুচ্ছ ঘটনায় শিশুটিকে নিজের রুমে নিয়ে গরম বৈদ্যুতিক আয়রন দিয়ে শরীরের পেছনের অংশে লজ্জাস্থানে ছ্যাঁকা দেন শিক্ষক মোস্তাকিম। এতে শিশুটির শরীরের বেশ কিছু অংশ পুড়ে যায়। পরে বিষয়টি গোপন রাখতে শিশুটিকে ভয়ভীতি দেখান শিক্ষক।

গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) শিশুর মা বেতন পরিশোধ করতে গিয়ে বিষয়টি জানতে পারেন। এরপর ঘটনা জানাজানি হলে মাদ্রাসা থেকে পালিয়ে যান শিক্ষক মোস্তাকিম। পরে রবিবার (৮ নভেম্বর) বিকালে স্থানীয়রা তাকে মাদ্রাসায় এনে পুলিশের কাছে সোপর্দ করেন।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর পরিবার। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

 

এনএএন টিভি

Share this news as a Photo Card