জামালপুরের বকশীগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উদ্যোগে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) রাত ৮টার দিকে বকশীগঞ্জ পৌরসভার গোয়ালগাঁও এলাকায় এ মিছিল বের করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাতে মশাল হাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গোয়ালগাঁও এলাকায় জড়ো হন। পরে তারা মশাল নিয়ে মিছিল বের করেন। এ সময় মিছিল থেকে ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘ছাত্রলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
মিছিলের খবর পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, ‘মিছিলের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মিছিলটি বকশীগঞ্জ-শ্রীবরদী থানা এলাকার সীমানায় হওয়ায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। তবে জড়িতদের আটকে পুলিশ কাজ করছে।’
