নাটোরে হাত-পা বাঁধা অজ্ঞাত মরদেহ উদ্ধার

নাটোরে বড়াইগ্রামের মাঝগাঁও হাই স্কুলের পূর্ব দিকের বিল থেকে হাতকড়া পরা এবং পা বাঁধা অবস্থায় অজ্ঞাত যুবকের (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে স্থানীয় কৃষকেরা জমিতে কাজ করতে গিয়ে মরদেহটি দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

স্থানীয় ইউপি সদস্য মজিবর রহমান মাস্টার জানান, জিন্স শার্ট ও হালকা খাকি রংয়ের প্যান্ট পরিহিত লাশটি বিলের মাঝখানে উপুড় হয়ে পড়ে ছিলো। তার  দুইহাত পেছনে এবং তা হাতকড়া দিয়ে আটকানো ছিলো। এছাড়া দুই পা রশি দিয়ে বাঁধা ছিলো। ধারণা করা হচ্ছে, তাকে  শ্বাসরোধে হত্যা করে লাশ বিলের মাঝখানে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।

 

বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম জানান, হাতকড়া ও মৃতদেহ উদ্ধারের বিষয়টি থানা পুলিশ গুরুত্বের সাথে পর্যালোচনা করছে এবং এ বিষয়ে তদন্ত শুরু করা হবে। তবে এর আগে লাশ সনাক্তকরণের চেষ্টা করছে পুলিশ।

Share this news as a Photo Card