পাইকগাছায় মোটরসাইকেল ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১: আহত ২

খুলনার পাইকগাছায় মোটরসাইকেল ও বাইসাইকেল মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ২ আহত হয়েছেন।

বুধবার সকাল ৯ টার দিকে ঘটনাটি ঘটেছে উপজেলার বোয়ালিয়া ব্রিজ সংলগ্ন রাস্তায়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মোটরসাইকেলে করে উপজেলার গদাইপুরের মঠবাটী গ্রামের ইসলাম মোড়লের ছেলে ফিরোজ(৩৫) ও চেঁচুয়ার মিয়াজানের ছেলে (চালক) ইয়াসিন আরাফাত (২৫) রাড়ুলীর দিকে যাচ্ছিল। পথিমধ্যে বোয়ালিয়া ব্রীজের সন্নিকটে পৌঁছালে নীচের বাইপাস সড়ক দিয়ে হিতামপুরের কৃষ্ণ বিশ্বাসের ছেলে প্রসেনজিৎ (২৫) বাইসাইকেল চালিয়ে ব্রিজের রাস্তায় উঠছিল। এ সময় মোটরসাইকেল ও বাইসাইকেলের মুখোমুখি ধাক্কা লাগলে ৩ জন রাস্তার উপর সিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাদের কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহত ফিরোজের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় প্রেরণ করেন।

খুলনায় নেওয়ার পথিমধ্যে ফিরোজের মৃত্যু হয়। থানা পুলিশ ঘটনাস্থল‌ পরিদর্শন করেছে।

এনএএন টিভি / তৃপ্তি রঞ্জন সেন

Share this news as a Photo Card