কুড়িগ্রামের উলিপুরে গরু আনতে গিয়ে বজ্রপাতে চামেলি রাণী (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ সময় একটি বকনা গরুরও মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৬ মে) বেলা ১১টার দিকে উপজেলার ধরণীবাড়ি ইউনিয়নের মধুপুর ক্লিনিকের পাড় এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, শুক্রবার বেলা ১১টার দিকে বৃষ্টি শুরু হয়। বৃষ্টিতে ওই গ্রামের মদন চন্দ্রের স্ত্রী চামেলী রাণী খড়ের গাদায় বেঁধে রাখা গরু গোয়ালঘরে আনতে যান। এ সময় বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এতে চামেলী রাণীর একটি বকনা গরুও মারা যায়। তিনি দুই সন্তানের জননী বলে জানা গেছে।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে।
