মুন্সীগঞ্জের মোল্লাকান্দিতে দুই গ্রুপের সংঘর্ষ চলাকালে মেঘনার শাখা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া আলমগীর দালালের (৪৬) মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) নিখোঁজের প্রায় ৪৮ ঘণ্টা পর সকালে মোল্লাকান্দি ইউনিয়নের চৈতারচর এলাকায় নদীতে ভাসমান অবস্থায় তাঁর মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল মরদেহটি উদ্ধার করে।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তছলিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা নদী থেকে মরদেহ উদ্ধার করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ৯টার দিকে মোল্লাকান্দিতে সংঘর্ষ চলাকালে প্রাণ বাঁচাতে মেঘনার শাখা নদীতে ঝাঁপ দেন আলমগীর। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে উদ্ধার অভিযান শুরু করে। দুইদিন অভিযান চালিয়েও তার সন্ধান পাওয়া যায়নি। অবশেষে শনিবার সকালে ঘটনাস্থলের অদূরে তাঁর মরদেহ ভেসে ওঠে।
প্রসঙ্গত, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আধিপত্য বিস্তার নিয়ে বৃহস্পতিবার সকালে মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সহসভাপতি আওলাদ মোল্লা ও ফ্রান্সপ্রবাসী বিএনপি কর্মী রহিম মোল্লার সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সেলিম নামে এক যুবক নিহত হন। শিশুসহ আহত হন অন্তত পাঁচজন। এ সময় নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন আলমগীর। তাঁর মরদেহ উদ্ধারের মধ্য দিয়ে নিখোঁজের ঘটনার অবসান হলো।
