শ্রীনগরে দুধ ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে ছিনতাই

মুন্সীগঞ্জের শ্রীনগরে রফিকুল ইসলাম (২৫) নামে এক দুধ ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে নগদ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। আজ সোমবার বেলা ১১টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর ফেরিঘাট আন্ডারপাস এলাকায় এ ঘটনা ঘটে।

আহত রফিকুল ইসলাম শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তিনি উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের মান্দ্রা এলাকার বাসিন্দা। এ বিষয়ে তিনি শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগীর অভিযোগ, প্রতিদিনের মতো সোমবার সকাল ৮টার দিকে তিনি অটোরিকশায় ড্রামভর্তি দুধ নিয়ে সিরাজদিখানের নিমতলা এলাকায় যান। সেখানে ব্যবসায়ীদের কাছে দুধ বিক্রি করে টাকা নিয়ে বাড়ি ফেরার পথে বেলা ১১টার দিকে শ্রীনগর ফেরিঘাট আন্ডারপাস এলাকায় পৌঁছান। এ সময় পেছন থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় ৩ থেকে ৪ জন ব্যক্তি এসে তার অটোরিকশাকে চাপ দেন। পরে তারা রফিকুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করেন। এতে তার বাম হাত ও পেটের বাম পাশে জখম হয়। পরে তার কাছে থাকা নগদ টাকা এবং একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে সিএনজিতে করে মাওয়ার দিকে পালিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি।

ঘটনার পর আহত রফিকুল ইসলামকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা বলেন, ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

 

 

এনএএন টিভি