আওয়ামী লীগের মৃত্যু বাংলাদেশে, জানাজা দিল্লিতে: হাসনাত

আওয়ামী লীগ বাংলাদেশে মারা গেছে আর জানাজা ভারতের দিল্লিতে হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

শনিবার (৩ মে) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলামের মহাসমাবেশে যোগ দিয়ে এই মন্তব্য করেন তিনি।

হাসনাত আব্দুল্লাহ বলেন, আওয়ামী রাজনৈতিক দল নয়, আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন। এই সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধের মধ্য দিয়ে আমরা সংস্কার দেখতে চাই। হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত, প্রয়োজন হলে আমাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত আমরা তরুণ প্রজন্ম আন্দোলন চালিয়ে যাবো।

তিনি বলেন, আমাদের দ্বিতীয় স্বাধীনতার ৮ মাস পরে আজ যেসব দাবিতে জমায়েত হয়েছি তা আমাদের জন্য গর্বের কিছু নয়; বরং লজ্জার। হাসিনার পুনর্বাসন, আওয়ামী লীগের পুনর্বাসনের প্রতি সারা বাংলাদেশের মানুষ রেড কার্ড দেখিয়ে দিয়েছে ৫ই আগস্ট। সেদিনই আমরা সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি, এই ভূখণ্ডে আওয়ামী লীগের আর পুনর্বাসন হবে না।

হাসনাত আবদুল্লাহ আরো বলেন, নারী সংস্কার নিয়ে যে কনসার্ন (উদ্বেগ) আপনাদের থেকে (হেফাজত) এসেছে, আমরা চাই ড. মুহাম্মদ ইউনূস সেগুলোকে অতিসত্বর অ্যাড্রেস (সমাধান) করবেন। অপ্রয়োজনীয় যে সংস্কারগুলো রয়েছে সেগুলো পাশ কাটিয়ে প্রয়োজনীয় যে সংস্কার রয়েছে, যার মধ্যদিয়ে নারীদের অধিকার, সম্মান নিশ্চিত হয় এবং আমাদের দেশের ধর্মীয় এবং কালচারাল সম্মান অক্ষুণ্ণ থাকে, সেই সংস্কারগুলোতে জোর দেওয়া আহ্বান জানাচ্ছি।

এনএএন টিভি