ফরিদপুরে ইজিবাইকচালক ফারুক তালুকদার (৩৬) হত্যার ঘটনায় চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাদের চারজনকে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ফরিদপুরের অতিরিক্ত দায়রা জজ (দ্বিতীয়) আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় দেন।
সাজাপ্রাপ্ত চার আসামি হলেন- রাজবাড়ী জেলার খানখানাপুর গ্রামের আনিস মল্লিক, ঢেকিগাড়িয়া গ্রামের মো. শহীদ শেখ, বালিয়াডাঙ্গী গ্রামের মো. শাহজাহান শেখ ও বারুইপাড়া গ্রামের মো. শামীম ওরফে ভাগ্নে শামীম।
রায় ঘোষণার সময় আনিস মল্লিক ও মো. শহীদ শেখ আদালতে উপস্থিত ছিলেন। অন্য দুই আসামি মো. শাজাহান শেখ ও মো. শামীম ওরফে ভাগ্নে শামীম পলাতক রয়েছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০২০ সালের ৬ মার্চ নিজ বাড়ি রাজবাড়ী জেলার গোপ্ত মানিক গ্রামের বাড়ি থেকে ইজিবাইক নিয়ে বের হন ফারুক তালুকদার। আসামিরা রাজবাড়ী থেকে ফরিদপুরের উদ্দেশে রওনা দেওয়ার কথা বলে তার ইজিবাইক ভাড়া করেন। পথিমধ্যে ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের ফতেপুর শ্মশানঘাট এলাকায় তাকে হত্যা করে ইজিবাইকটি নিয়ে পালিয়ে যান।
ওই রাতেই স্থানীয়রা মরদেহ দেখে পুলিশে খবর দেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। পরে ইজিবাইক চালক ফারুকের স্বজনরা তার মরদেহ শনাক্ত করেন। পরদিন ৭ মার্চ তার ভাই মো. হান্নান তালুকদার বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন।
রায়ের সত্যতা নিশ্চিত করে আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মো. রকিবুল ইসলাম বিশ্বাস বলেন, সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন।
