ভারতের ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলের দিকে ধেয়ে আসছে প্রবল ঝড়, জারি সতর্কতা

নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপে পরিণত হয়ে ওড়িশা, পশ্চিমবঙ্গ উপকূলের দিয়ে ধেয়ে যাচ্ছে প্রবল ঝড়। কয়েকদিন আগেই দক্ষিণ বঙ্গোপসাগরে সৃষ্টি হয় এই নিম্নচাপের। প্রবল এই ঝড়ে ঘণ্টায় ৪৫ থেকে ৭০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। সঙ্গে বজ্রপাত ও উপকূলে জলোচ্ছ্বাসের সতকর্তাও জারি রয়েছে।

গভীর নিম্নচাপের প্রভাবে উত্তাল উপকূলীয় এলাকা। প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাসের পর সতর্কতা জারি করেছে পশ্চিমবঙ্গ প্রশাসন।

রাজ্যের উপকূলবর্তী চার জেলা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় কোথাও কমলা তো কোথাও হলুদ সতর্কতা জারি করে সমুদ্রবতীরে ঝুঁকিপূর্ণ এলাকায় থাকা নাগরিকদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

রাজ্যের দুর্যোগ মোকাবিলা দলের সদস্যরা মাইকিং করে সবাইকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নিদের্শনা দিচ্ছেন।

আলিপুর আবহাওয়া দফতর জানায়, নিম্নচাপটি পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের স্থলভাগ অতিক্রম করবে বৃহস্পতিবার (২৯ মে) রাতে। এরই জেরে রাতভর প্রবল ঝড়বৃষ্টির শঙ্কা রয়েছে। শুধু উপকূলবর্তী জেলাগুলোতে নয়, রাজ্যের ৭০ শতাংশ জেলাতেই এই নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাত হবে।

এদিকে প্রবল ঝড়বৃষ্টির আশঙ্কায় প্রহর গুণছেন উপকূলীয় বাসিন্দারা। এরই মধ্যে মাটি ও বাঁশ দিয়ে তৈরি করা বাঁধ বহু জায়গায় ভেঙে পানি ঢুকতে শুরু করেছে। ঝড়ে বাকি বাঁধও ভেঙে যাওয়ার আতঙ্কে ভুগছেন স্থানীয়রা। যদিও সব ধরনের সহযোগিতার লক্ষ্যে উপকূলবর্তী এলাকায় টহল শুরু করেছে প্রশাসন।

উত্তরপশ্চিম বঙ্গোপাসগরে ওড়িশা উপকূলে নিম্নচাপ অবস্থান করছে। ক্রমে এটি উত্তর দিকে এগিয়ে আসছে। পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ দিয়ে স্থলভাগে প্রবেশ করবে বৃহস্পতিবার রাতের মধ্যে। এরই জেরে আগামী দু’দিন প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

এনএএন টিভি