ঈদগড়ে আগুনে চার বসতবাড়ি ভস্মীভূত, ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

কক্সবাজারের ঈদগড়ে চরপাড়া গ্রামে ৪ বসত বাড়ি আগুনে পুড়ে ছাই। জানা যায়, ১৬ নভেম্বর (শনিবার) রাত প্রায় ১২ টার দিকে ঈদগড়ের চরপাড়া এলাকার মরহুম হাজী ফয়েজ আহামদের চার ছেলের যৌথ বসতবাড়ির আমানুল হকের বাড়ির বিদ্যুৎ শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত । এক পর্যায়ে আগুন চতুর্দিকে ছড়িয়ে পড়ে এবং নিমেষেই আগুনের তীব্রতায় সম্পূর্ণ ভস্মীভূত হয় চার বসতবাড়ি।

আগুনে,বাড়িতে রক্ষিত নগদ টাকা,স্বর্ণালংকার মোবাইল,আসবাবপত্র,কাপড়চোপড় ইত্যাদিসহ প্রায় ৩০ লক্ষ টাকারও ক্ষতি সাধিত হয়েছে বলে জানান ভুক্তভোগী আমানুল হক। এ সময় রাতে খাবারের পর সবাই ঘুমাচ্ছিলেন। পার্শ্ববর্তী এলাকাবাসী আগুন আগুন বলে চিৎকার দিলে তড়িৎ ঘুম থেকে জাগ্রত হয়ে কোন রকম বাড়ির লোকজন প্রাণ নিয়ে বেরিয়ে আসতে সক্ষম হলেও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এক নিমেষে বাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। আগুন লাগার খবর এলাকায় ছড়িয়ে পড়লে লোকজন আগুন নিয়ন্ত্রণের জন্য ছুটে গিয়েও ব্যর্থ হয়।

বিষয়টি খবর পেয়ে ঈদগড় পুলিশ ইনচার্জ মনিরুল ইসলাম, স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য জসীম উদ্দীন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং খাদ্য সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করেন।

আবু হেনা সাগর