নরসিংদীর রায়পুরায় ছাত্রলীগের নেতাকর্মীদের ছুরিকাঘাতে নিহত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য জুনায়েদ আল হাবিব এর মারা যাওয়ার খবর শুনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে দাদি রেহেনা খাতুন (৮০) মারা যায়। আজ বুধবার নাতী –দাদি দুজনের একসাথে জানাযা ও দাফন অনুষ্ঠিত হয়েছে।
জানাগেছে, গতমঙ্গলবার (৮ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩টায় নিজ বাড়ি নরসিংদী রায়পুরা উপজেলার মরজাল ইউনিয়নের বটিয়ারায় তার মৃত্যুর ঘটনা ঘটেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নিহতের ছেলে জসিম উদ্দিন। রেহেনা ওই এলাকার মৃত আব্দুল আহাবের স্ত্রী।
নিহতের পরিবার জানায়, ২৮ সেপ্টেম্বর বৈষম্যবিরোধ ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়ার কারণে জুনায়েদ আল হাবিবকে ছুরিকাঘাত করেন স্থানীয় ছাত্রলীগের সাবেক নেতা স্বাধীন ও পিয়ালের নেতৃত্বে কয়েকজন নেতাকর্মীরা হামলা করেন টানা ৯দিন চিকিৎসাধীন থাকার পর গত ৭ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার মারা যায় । জুনায়েদ ছিলেন পরিবারে একমাত্র সন্তান। নাতির অকাল মৃত্যু মেনে নিতে পারেননি দাদি রেহেনা খাতুন।
রাতে খবরটি শুনার পর অসুস্থ হয়ে পড়েন তিনি। তারপর মঙ্গলবার রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মারা যায়।
আজ বুধবার (৯অক্টোবর) সকাল সাড়ে ১০টায় এ উপজেলার বটিয়ারা এলাকায় নিহত জুনায়েদ ও তার দাদির জানাজা অনুষ্ঠিত হয়েছে। পরে পারিবারিক কবরস্থানে তাদেরকে দাফন করা হয়েছে।
নিহত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা জুনায়েদের স্বজনদের সান্তনা দিতে গিয়ে কেন্দ্রীয় বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল বলেন, স্বৈরাচার হাসিনার দুশরা এ দেশে সন্ত্রাসী কর্মকান্ড বন্ধ করছে না। সঠিক তদন্তের মাধ্যমে সন্ত্রাসীদেরকে আইনের আওতায় এনে প্রকৃত অপরাধীদেরকে শাস্তি দিতে হবে। জুনায়েদ স্বৈরাচার হাসিনাকে হটাতে আন্দোলনের অগ্রভাগে থেকে দেশের জন্য দায়িত্ব পালন করেছে। ছাত্রলীগের সন্ত্রাসীরা তাকে নির্মমভাবে হত্যা করেছে। জুনায়েদের মৃত্যুর শোকে তার দাদিও মারা গেছেন। এ হত্যা কান্ডের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
নিহত জুনায়েদের বাবা জসিম উদ্দিন বলেন, ‘আমার একটি মাত্র সন্তান ছিল। বৈষম্যবিরোধী আন্দোলনে যাওয়ার কারণে তাকে ছাত্রলীগের সন্ত্রাসীরা হত্যা করেছে।
অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে সন্তান হত্যার বিচার দাবি করেছেন।’
হত্যার ঘটনায় জড়িত স্বাধীন ও পিয়ালসহ ১৪ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন জুনায়েদের চাচা মো. শফিক। এ ঘটনায় এখনো পর্যন্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের ধরতে পুলিশ তৎপর রয়েছে বলে জানান রায়পুরা থানার ওসি আব্দুল জব্বার।
