কাজে ব্যস্ত মা, বালতির পানিতে ডুবে প্রাণ গেলো শিশুর

রাজধানীর লালবাগে চাদনীঘাট এলাকার একটি বাসায় বাথরুমে বালতির পানিতে পড়ে আয়মান নামে দেড় বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (৯ আগস্ট) দিবাগত রাতে চাদনীঘাটের নবকুমার দত্ত রোডের একটি বাসার সপ্তম তলায় এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া আয়মান নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার লক্ষ্মী নারায়ণপুর গ্রামের স্বপন মিয়ার ছেলে। পরিবারটি চাদনীঘাটের ওই বাসায় ভাড়া থাকে।
 
চকবাজারের মনোহর ব্যবসায়ী স্বপন মিয়া জানান, দুই ছেলে ও তিন মেয়ের মধ্যে সবার ছোট আয়মান। রাতে তিনি বাচ্চাটিকে সময় দিচ্ছিলেন। কিন্তু হঠাৎ অগোচরে বাচ্চাটি খেলতে খেলতে বাথরুমে চলে যায়। এর ২ থেকে ৩ মিনিটের মধ্যে তাকে রুমের মধ্যে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। তখন বাথরুমে গিয়ে দেখেন, পানিভর্তি বালতিতে উল্টো হয়ে পড়ে আছে শিশুটি। সঙ্গে সঙ্গে সেখান থেকে তুলে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরবর্তীকালে ঢাকা মেডিকেলে নেয়া হলে চিকিৎসকরা রাত ১২টার দিকে মৃত ঘোষণা করেন।
 
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃতর বিষয়টি নিশ্চিত করে জানান, স্বজনরা রাত ১২টার দিকে শিশুটিকে হাসপাতালে নিয়ে আসে মৃত অবস্থায়। পরবর্তীকালে চকবাজার থানা পুলিশের বিষয়টি জানানো হয় এবং স্বজনরা থানায় আবেদন করে বিনাময়নাতদন্তে হাসপাতাল থেকে শিশুটির মরদেহ নিয়ে গেছে।