গাজীপুরে বাড়িতে আগুন, একই পরিবারের দুই শিশুসহ চারজন দগ্ধ

গাজীপুরের জয়দেবপুরের মাঝিখোলায় একটি বাড়িতে আগুনে একই পরিবারের দুই শিশুসহ চারজন দগ্ধ হয়েছেন।

আজ শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে নিজেদের বাড়িতে এ ঘটনা ঘটে। দগ্ধ ব্যক্তিদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন মুদি দোকান ব্যবসায়ী মহসিন প্রধান রুবেল (৩২), তার স্ত্রী সাদিয়া বেগম (২৬) এবং তাদের দুই ছেলে সোয়াদ প্রধান (৩) ও সাহেন প্রধান (৬)।

দগ্ধ মহসিন প্রধানের ভাগ্নি সুমাইরা জানান, শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে বসতঘরের জানালা দিয়ে আগুন লাগানো হয়েছে বলে তাদের সন্দেহ। তার ভাষ্য অনুযায়ী, বাড়ির গেটসংলগ্ন ডাইনিং রুমের সোফায় আগুন জ্বলতে দেখে মহসিন পানি দিয়ে তা নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ে। এতে একই পরিবারের চারজন দগ্ধ হন।

সুমাইরার দাবি, আগুনে পানি দেওয়ার পরও তা দ্রুত ছড়িয়ে পড়েছিল। এ কারণে তাদের সন্দেহ- আগুন লাগানোর ক্ষেত্রে গানপাউডারজাতীয় কোনো পদার্থ ব্যবহার করা হয়ে থাকতে পারে। তবে আগুনের প্রকৃত কারণ এবং এতে কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পরে দগ্ধ চারজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়।

দগ্ধ ব্যক্তিরা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন বলে নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান।

বার্ণ ইনিস্টিউটের আবাসিক সার্জন ডা: সুলতান মাহমুদ শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এনএএন টিভি

Share this news as a Photo Card