চাঁদাবাজি মামলায় বিএনপি নেতা রিয়াদ কারাগারে

চাঁদাবাজির অভিযোগে পুলিশের দায়ের করা মামলায় গ্রেফতার নারায়ণগঞ্জের ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে) সন্ধ্যায় জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলীর আদেশে তাকে কারাগারে পাঠানো হয় বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান।

এর আগে এদিন সকালে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রিয়াদ চৌধুরিকে গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ।

পরে রিয়াদ চৌধুরিকে নারায়ণগঞ্জ জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হলে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থায় তাকে আদালতে হাজির করা হয়।

এদিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার করেছে বিএনপি।

দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের আদেশের বিষয়টি প্রকাশ করা হয়।

নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ-এর পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরি বিএনপির জেলা কমিটিরও সদস্য ছিলেন।

রিয়াদ মোহাম্মদ চৌধুরিকে গ্রেফতারের বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন, ‘গ্রেফতারের ঘটনা সঠিক। চাঁদাবাজির মামলায় তাকে ঢাকা বিমান বন্দর থেকে ইমিগ্রেশন পুলিশ গ্রেফতার করেছে। পরে জেলা পুলিশের একটি টিম ঢাকায় গিয়ে তাকে নারায়ণগঞ্জে নিয়ে আসে।’

এনএএন টিভি