চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযান দু’প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান অভিযান চালিয়ে দু’ প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে।
বুধবার (২০ আগস্ট) বেলা ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আনন্দধাম বাজারে এ অভিযান পরিচালনা করেন তিনি।
সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, বুধবার বেলা ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত আলমডাঙ্গা উপজেলার আনন্দধাম এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মুদি দোকান, জ্বালানী গ্যাস ও সার-বীজ দোকানে তদারকি করা হয়। তদারকিকালে মেয়াদ উত্তীর্ণ ম্যাগনেসিয়াম সার বিক্রির দায়ে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারা অনুসারে বিসিআইসি সার ডিলার মো. আব্দুল বারীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া মেয়াদ উত্তীর্ণ, মানহীন ও নিন্মমানের শিশু খাদ্য বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৫১ ধারা অনুসারে মেসার্স ফাতেমা স্টোরের স্বত্বাধিকারী মো. আব্দুর রহমানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এসময় সংশ্লিষ্ট বাজারে মূল্য তালিকা হালনাগাদ করা, নির্ধারিত ও যৌক্তিক মূল্য পণ্য ক্রয়-বিক্রয়, মেয়াদ উত্তীর্ণ ও মানহীন পণ্য/ওষুধ/বীজ বিক্রি না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
অভিযানে সহযোগিতায় করেন আলমডাঙ্গা পৌর স্যানিটারি ইন্সপেক্টর মো. মাহফুজ রহমান, ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি দল। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওই কর্মকর্তা।
এনএএন টিভি/ শামসুজ্জোহা পলাশ