পদ্মা সেতুর ৪ বছর, টোল আদায় প্রায় ৩ হাজার ৪০০ কোটি টাকা

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীর যোগাযোগে বৈপ্লবিক পরিবর্তন আনা পদ্মা সেতু চালুর ৪ বছর পূর্ণ হয়েছে। সংশ্লিষ্টদের তথ্যমতে, এসময় সেতুটি ব্যবহার করেছে প্রায় ২ কোটি ৬৭ লাখ যানবাহন এবং টোল আদায় হয়েছে প্রায় ৩ হাজার ৩৯৪ কোটি ৪৫ লাখ টাকা।

পদ্মা বহুমুখী সেতুর নির্বাহী প্রকৌশলী আবু সাদ নিলয় বিষয়টি নিশ্চিত করে জানান, পদ্মা, ২০২২ সালে উদ্বোধনের পর ওই বছর সেতু দিয়ে ২৭ লাখ ৯০ হাজার ৪৬৫টি যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয় ৪০২ কোটি ৯৬ লাখ ৩৩ হাজার ১৫০ টাকা। পরের বছর ২০২৩ সালে যানবাহন চলাচল বেড়ে দাঁড়ায় ৬২ লাখ ৫৭ হাজার ৪৯৪টিতে। ওই বছর টোল আদায় হয় ৮১৪ কোটি ৬৮ লাখ ১৭ হাজার ৬০০ টাকা।

২০২৪ সালে সেতু ব্যবহার করে ৬৭ লাখ ৩৪ হাজার ৯০৪টি যানবাহন। এ সময় টোল থেকে আয় হয় ৮৩৬ কোটি ৪৫ লাখ ৩৬ হাজার ১০০ টাকা। ২০২৫ সালে সর্বোচ্চ ৭২ লাখ ৪১ হাজার ৫৮৭টি যানবাহন পদ্মা সেতু অতিক্রম করে। ওই বছর টোল আদায়ও সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে ৮৮৮ কোটি ৮১ লাখ ৬৫ হাজার ৬৫০ টাকায়।

আর চলতি বছর ২০২৬ সালের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ৩৬ লাখ ৯০ হাজার ৭৮১টি যানবাহন সেতু পার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৪৫১ কোটি ৫৩ লাখ ৭০ হাজার টাকা। সামগ্রিক হিসাবে ২০২২সালে ২৫ জুন থেকে ২০২৬ সালের ২৩ জুন পর্যন্ত পদ্মা সেতু দিয়ে মোট ২ কোটি ৬৭ লাখ ১৫ হাজার ২৩১টি যানবাহন চলাচল করেছে। একই সময়ে টোল আদায় হয়েছে ৩ হাজার ৩৯৪ কোটি ৪৫ লাখ ২২ হাজার ৫০০ টাকা।

সংশ্লিষ্টরা বলছেন, পদ্মা সেতুর মাধ্যমে শুধু যোগাযোগব্যবস্থার উন্নয়নই হয়নি, বরং দেশের দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডেও নতুন গতি এসেছে। সহজতর হওয়ায় এ পথে ধারাবাহিকভাবে যান চলাচল বাড়ছে।

প্রসঙ্গত, দীর্ঘ কর্মযজ্ঞের পর ২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতুর উদ্ধোধন করেন তৎকালিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন ২৬ জুন যানচলা চলের জন্য খুলে দেওয়া হয় ৬ দশমিক ১৫ কিলোমিটারের পদ্মা সেতু।