ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার

ঝালকাঠিতে সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে পড়ে ১৭ জন নিহতের ঘটনায় ঘাতক বাসের চালক মোহন খানকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার (২৫ জুলাই) রাতে তাকে ঢাকার আশুলিয়া থেকে গ্রেপ্তার করা হয়।

বুধবার দুপুরে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছির উদ্দিন সরকার এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে সোমবার বিকেলে বরিশাল র‌্যাব-৮ এর একটি দল রাজাপুর থেকে বাসের সুপারভাইজার মিজান ওরফে ফয়সালকে গ্রেপ্তার করে।

এখনও পলাতক রয়েছে মামলার আরেক আসামি বাসচালকের সহকারী (হেলপার) আকাশ।

র‌্যাব সূত্র জানায়, ঝালকাঠিতে বাস দুর্ঘটনায় ঝালকাঠি থানার এসআই সুশংকর মল্লিক বাদী হয়ে সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করেন।

এ ঘটনার পর থেকেই আধুনিক তথ্যপ্রযুক্তির মাধ্যমে ছায়া তদন্ত শুরু করে র‌্যাব।

ঢাকার আশুলিয়া এলাকায় বাসচালক মোহন খান অবস্থান করছে নিশ্চিত হয়ে

বরিশাল র‌্যাব-৮ এর একটি দল সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গত শনিবার (২২ জুলাই) পিরোজপুরের ভান্ডারিয়া থেকে অতিরিক্ত যাত্রী নিয়ে বেপরোয়া গতিতে বরিশাল যাচ্ছিল বাশার স্মৃতি পরিবহন (ঢাকা-মেট্রো ব ১৪৬৫৪৯) নামের যাত্রীবাহী বাসটি।

সকাল ১০টার দিকে পথে নিয়ন্ত্রণ হারিয়ে ঝালকাঠির গাবখান ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদ-সংলগ্ন ছত্রকান্দা এলাকায় একটি পুকুরে পড়ে যায়।

এ সময় বাসটির ১৭ জন যাত্রী নিহত এবং ৩৫ জন যাত্রী আহত হন। তবে এ ঘটনার পর থেকেই চালক, সুপারভাইজার ও চালকের সহকারী পলাতক ছিল।

আরও পড়ুন :

এনএএন টিভি