নওগাঁয় ট্রাকের চাপায় পুলিশ সদস্যের মৃত্যু

নওগাঁয় পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় রুহুল আমিন (৩৪) নামের এক পুলিশ সদস্যর মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে ১০টায় নজিপুর-সাপাহার সড়কের কুন্সিপুকুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত রুহুল আমিন জয়পুরহাট সদর উপজেলার আটঠোকরা গ্রামের আলতাফ হোসেনের ছেলে। তিনি পত্নীতলা থানায় এএসআই হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ১০টায় রুহুল আমিন মধুইল বাজার থেকে মোটরসাইকেলে যোগে থানায় ফিরছিলেন। পথে নজিপুর-সাপাহার সড়কের চক আবদাল কুন্সিপুকুর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়েন। এ সময় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটিকে উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ নওগাঁ সদর হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরর প্রস্তুতি চলছে।