নারায়ণগঞ্জের তোলারাম কলেজে বসছে প্রাক্তনদের মিলনমেলা

ঐতিহ্যবাহী সরকারি তোলারাম কলেজ, নারায়ণগঞ্জের প্রাক্তন শিক্ষার্থীদের দীর্ঘদিনের স্মৃতি, বন্ধুত্ব, পারস্পরিক সম্প্রীতি ও প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতি ভালোবাসাকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে এক বর্ণাঢ্য পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আগামী ২৮ নভেম্বর ২০২৬ তারিখে এ অনুষ্ঠান আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পুনর্মিলনী উপলক্ষে ইতোমধ্যে প্রাথমিক প্রস্তুতি ও মতবিনিময় কার্যক্রম শুরু হয়েছে। নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এবং কলেজের সাবেক কৃতি শিক্ষার্থী অ্যাডভোকেট আবুল কালাম-এর কার্যালয়ে আয়োজিত প্রথম সভায় তিনি পুনর্মিলনী আয়োজনের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণে সদয় সম্মতি জানিয়েছেন এবং সার্বিক দিকনির্দেশনা প্রদান করেছেন। একই সভায় নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও কলেজের সাবেক ভিপি জনাব মাসুকুল ইসলাম রাজীব-কে পুনর্মিলনী আয়োজনের আহ্বায়ক মনোনীত করা হয়।
এরই ধারাবাহিকতায় গত ৫ অক্টোবর ২০২৬ (সোমবার) বিকেল ৪টায় নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয়ে আহ্বায়কের সভাপতিত্বে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে আগামী ২৮ নভেম্বর ২০২৬ তারিখে পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজনের প্রাথমিক তারিখ নির্ধারণ করা হয়।

উক্ত সভায় সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শহীদুল ইসলাম, উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আজিজুল্লাহ, নারায়ণগঞ্জ ড্যাবের সভাপতি ও প্রখ্যাত ইউরোলজিস্ট প্রফেসর ড. জাহাঙ্গীর আলম, সাবেক পিপি ও বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট নবী হোসেন, নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ড. রুমন রেজা, স্কাউট কমিশনার জনাব আরিফ মিহির উপস্থিত ছিলেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন সরকারি তোলারাম কলেজের হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ মশিউর রহমান ও অধ্যাপক মো. মইনুল আশরাফ এবং মুড়াপাড়া সরকারি কলেজের সাবেক অধ্যাপক জনাব মো. মফিজুল হকসহ সংশ্লিষ্ট সুধীজন।
আয়োজকেরা জানান, এই পুনর্মিলনীর মাধ্যমে বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা একই প্রাঙ্গে সমবেত হওয়ার সুযোগ পাবেন। এর মাধ্যমে ক্যাম্পাস জীবনের সোনালি দিনের স্মৃতি যেমন ফিরে আসবে, তেমনি শক্তিশালী হবে প্রাক্তন শিক্ষার্থীদের পারস্পরিক বন্ধন ও কলেজের সাথে তাঁদের রক্তের সম্পর্ক।

পুনর্মিলনী অনুষ্ঠানের সুনির্দিষ্ট স্থান, নিবন্ধন প্রক্রিয়া, অংশগ্রহণের নিয়মাবলি ও বিস্তারিত সূচি খুব শিগগিরই সরকারি তোলারাম কলেজের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Share this news as a Photo Card