জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী কাজী মো. মোহাইমিনুল ইসলাম সুইসাইড নোট লিখে নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় শিক্ষকদের বিরুদ্ধে একাডেমিক নিপীড়ন ও অসহযোগিতার অভিযোগ তুলে মোহাইমিনুলকে ১২ ঘণ্টার মধ্যে খুঁজে বের করাসহ ৭ দফা দাবিতে বিভাগের ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন তার সহপাঠীরা।
আজ সোমবার (১২ অক্টোবর) প্রথম প্রহরে (রাত দেড়টার দিকে) বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কার্যালয় থেকে এসে শিক্ষার্থীরা ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগে তালা ঝুলিয়ে দেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তালা না খোলার ঘোষণা দিয়েছেন তারা।
নিখোঁজ মোহাইমিনুল জাবির মীর মশাররফ হোসেন হলের ৫০তম ব্যাচের আবাসিক ছাত্র এবং ওই হলের ‘এ’ ব্লকের ১১০ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী ছিলেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, গতকাল রবিবার (১১ অক্টোবর) বিকেল ৩টা ৮ মিনিটে মীর মশাররফ হোসেন হলের সামনে থেকে ঢাকাগামী বিশ্ববিদ্যালয়ের বিআরটিসি বাসে ওঠেন মোহাইমিনুল। পরবর্তীতে ঢাকার কাটাবন এলাকায় তিনি বাস থেকে নামেন বলে জানা যায়। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সাভার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং সাভার ও আশুলিয়া থানা যৌথভাবে কাজ করছে।
সহপাঠীদের অভিযোগ, স্নাতক ফাইনালের একটি কোর্সে অকৃতকার্য হওয়ার পর বিশেষ পরীক্ষা নিয়ে দীর্ঘদিন ধরে ভোগান্তি ও অনিশ্চয়তার মধ্যে ছিলেন মোহাইমিনুল। প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করার পরও সঠিক সময়ে তিনি বিশেষ পরীক্ষায় বসতে পারেননি। এমনকি একই ব্যাচের সঙ্গে স্নাতকোত্তর পরীক্ষায় বসার কথা থাকলেও তা অনিশ্চয়তার মুখে পড়ে। এ বিষয়ে বারবার শিক্ষকদের দ্বারে ঘুরেও সুরাহা পাননি। শেষ মুহূর্তে পরীক্ষা নেওয়া সম্ভব নয় বলে বিভাগ থেকে জানিয়ে দেওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েন তিনি, যা তাঁর রেখে যাওয়া সুইসাইড নোটেও স্পষ্ট।
নিজের কক্ষে রেখে যাওয়া সুইসাইড নোটে মোহাইমিনুল শিক্ষকদের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করে লিখে গেছেন, “এটাই হয়তো আমার শেষ বার্তা। আমার হাতে মৃত্যু ছাড়া অন্য কোনো অপশন নেই। কারণ তারা আমাকে এই দিকে ঠেলে দিয়েছে… ৬ মাস নাটক করে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে আমাকে।” অপর একটি চিরকুটে ছোট ভাইকে তুরস্কে পাঠানোর পরামর্শ এবং বন্ধুদের কাছ থেকে নেওয়া ধারের টাকার হিসাব ও পরিশোধের নির্দেশনা লিখে গেছেন তিনি।
এদিকে সহপাঠীর নিখোঁজ হওয়া এবং শিক্ষকদের দায়ী করার ঘটনার জেরে ৭ দফা দাবি ঘোষণা করেছে শিক্ষার্থীরা। দাবিগুলোর মধ্যে রয়েছে—১২ ঘণ্টার মধ্যে মোহাইমিনুলকে খুঁজে বের করা, দায়ী ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত কমিটি গঠন, বিভাগের সভাপতি অধ্যাপক হোসাইন মোহাম্মদ সায়েম ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক আবু সাদাত মোহাম্মদ শামের পদত্যাগ, সংশ্লিষ্ট কোর্সের উত্তরপত্র পুনর্মূল্যায়ন, শিক্ষার্থী বা ব্যাচকে হয়রানি বন্ধ করা, শিক্ষকদের ক্যাম্পাসে অবস্থান নিশ্চিত করা, ছাত্র সংসদ কার্যকর করা এবং শিক্ষক মূল্যায়ন পদ্ধতি চালু করা।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম ঢাকা জেলা পুলিশ ও গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে যোগাযোগ রেখে উদ্ধার কার্যক্রম সার্বিক তদারকি করছেন বলে জানিয়েছেন। মোহাইমিনুলের পরীক্ষা গ্রহণের ক্ষেত্রেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে নোটে উত্থাপিত অভিযোগ তদন্তে কমিটি গঠনের কথা জানানো হয়েছে।
