বিয়ে করতে না দেওয়ায় ১৫ বছরের কিশোরের অভিমান, চাচার শয়নকক্ষে মিলল মরদেহ

নওগাঁর বদলগাছী উপজেলার লক্ষ্মীপুর গ্রামে নিজ চাচার বাড়ির শয়নকক্ষ থেকে সিফাত হোসেন (১৫) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার (১২ অক্টোবর) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। জানা গেছে, পরিবারের পক্ষ থেকে বিয়েতে অসম্মতির কারণে অভিমান করে সে আত্মহত্যা করেছে ।

নিহত সিফাত হোসেন ওই গ্রামের মো. আসাদুল ইসলাম ওরফে কুইন এর ছেলে।

জানা যায়, সিফাত তার বাবা-মায়ের সঙ্গে ঢাকায় থেকে একটি হোটেলে কাজ করতো। সেখানে অবস্থানকালে তালাকপ্রাপ্ত এক নারীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে ওই নারীকে বিয়ে করতে চায় সিফাত। তবে বয়স কম হওয়ায় এবং ওই নারীর সঙ্গে বিয়ে দিতে রাজি না হওয়ায় তার বাবা-মা প্রায় সাত দিন আগে তাকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দেন। প্রথমে সে নানির বাড়িতে ছিল। তিন দিন আগে গ্রামের নিজ বাড়িতে আসে।

রোববার রাতে চাচার বাড়িতে খাবার খেয়ে রাত ১০টার দিকে নিজ শয়নকক্ষে ঘুমাতে যায় সিফাত। এরপর সোমবার সকাল সাড়ে ৮টার দিকে তার চাচি সুজি বেগম নাশতা করার জন্য ডাকাডাকি করেন। কোনো সাড়াশব্দ না পেয়ে দেয়ালের ফাঁক দিয়ে ভেতরে সিফাতকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তার চিৎকারে পরিবারের সদস্যরা এগিয়ে এসে দরজা খুলে ঘরে প্রবেশ করেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

সত্যতা নিশ্চিত করে বদলগাছী থানার ওসি হাবিবুর রহমান বলেন, পরিবারের সদস্যদের বিয়েতে অসম্মতির কারণে সিফাত অভিমান করে আত্মহত্যা করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ এখন ময়নাতদন্তের জন্য প্রেরণের প্রস্তুতি চলছে। তদন্ত প্রতিবেদন এলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

 

এনএএন টিভি

Share this news as a Photo Card